নীতিমালা না মেনে বারবার পদোন্নতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নীতিমালা লঙ্ঘন করে তাঁকে বারবার পদোন্নতি দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পর তদন্ত করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাটকল করপোরেশনের অধীন চারটি পাটকলে মো. জাহাঙ্গীর চাকরিকালে অনিয়ম করেছেন বলে প্রমাণ মিলেছে। এর মধ্যে নারায়ণগঞ্জের আদমজী পাটকলে ১৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৪১৯ টাকা ও প্লাটিনাম জুবিলি জুট মিলের প্রকল্পপ্রধান হিসেবে ৭ কোটি ৪৩ লাখ ১১ হাজার টাকার মালামাল লোপাট করেছেন। খুলনার স্টার জুট মিল ও করিম জুট মিলে কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে। এসব অভিযোগের মধ্যে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে আটটি অভিযোগ তদন্ত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান ও উপসচিব শিরিন দেলহুর।

মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্লাটিনাম জুবিলি জুট মিলে যোগ দেওয়ার পর নিজের স্বেচ্ছাচারিতার মাধ্যমে মিল পরিচালনা করতেন। মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তোয়াক্কা করতেন না। তদন্ত কমিটি অভিযোগ পর্যালোচনা করে দেখেছে, মো. জাহাঙ্গীর হোসেনের মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোয়াক্কা না করাটা স্বাভাবিক ছিল। বিভিন্ন নথিপত্রে দেখা যায়, তিনি সব সময় বিজেএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে ছিলেন। তাঁর বিরুদ্ধে যেকোনো অভিযোগ মিলের কর্তৃপক্ষের কাছে প্রমাণিত হলেও বিজেএমসির কাছে তা হতো না।

কমিটি জানায়, আদমজী জুট মিল থেকে যন্ত্রপাতি করিম জুট মিলে নেওয়ার পথে মালামাল সরিয়ে রাখার অভিযোগ মিলের কমিটি তদন্ত করে মো. জাহাঙ্গীর হোসেনকে দায়ী করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজেএমসি প্রধান কার্যালয়ে এ প্রতিবেদন পাঠানোর পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তবে বিজেএমসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়। ২০০৯ সালে তাঁকে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদোন্নতি দেওয়ার বেলায় শিক্ষাগত যোগ্যতায় তিনি ১৩ নম্বর (২০-এর মধ্যে) পেয়েছেন। কমিটির মূল্যায়নে পেয়েছেন ১৩ নম্বর (১৫-এর মধ্যে)। তাঁর শিক্ষাগত যোগ্যতার সব সনদে দেখা গেছে, তিনি এসএসসি ও এইচএসসিতে দ্বিতীয় বিভাগ, স্নাতকে তৃতীয় বিভাগ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে (মেকানিক্যাল) দ্বিতীয় বিভাগ পেয়েছেন। এ ছাড়া এমবিএ এবং লোকবলের ওপর ছয় মাসের প্রশিক্ষণ সনদ দেখিয়েছেন। অথচ বিজেএমসি পদোন্নতির নীতিমালায় দেখা যায়, কারিগরি ক্যাডারের ক্ষেত্রে তাঁর নির্ধারিত যোগ্যতার সর্বশেষ ডিগ্রির ওপর নির্ধারিত নম্বর তিনি প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে মো. জাহাঙ্গীর হোসেনের নির্ধারিত যোগ্যতা ছিল ডিপ্লোমা ইন মেকানিক্যাল যার পয়েন্ট ছিল ১২। কমিটির কাছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটি জানায়, এতে বলার অপেক্ষা রাখে না যে, তিনি সব সময় বিজিএমসির সুনজরে থাকায় মিল কর্তৃপক্ষের তোয়াক্কা করতেন না। এ ছাড়া প্লাটিনাম জুবিলি জুট মিলসের বর্তমান প্রকল্পপ্রধানের দায়িত্ব গ্রহণকালে বাস্তব প্রতিপাদনে ৮৩৫ দশমিক ৫৯ মেট্রিক টন প্রসেস ঘাটতি পেয়ে বিজেএমসি প্রধান কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বর্তমান অর্থবছরে ১০০ শতাংশ বাস্তব প্রতিপাদন গ্রহণ করে। এতে আগের চেয়ে আরও বেশি ঘাটতির প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতপক্ষে সার্বিক অপচয় ১১১৬ দশমিক ৯১ মেট্রিক টন এবং আর্থিক মূল্য ৭,৪৩,৯১,২৭৭ টাকা। এ ঘাটতির জন্য সাবেক প্রকল্পপ্রধান হিসেবে মো. জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগতভাবে দায়ী। খুলনার প্লাটিনাম জুবি​লি জুট মিলসের ৮৩৫.৫৯ মে​ট্রিক টন মালামালের প্রসেস ঘাটতি নিয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনে মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে প্রসেস ঘাটতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। কিন্তু কর্তৃপক্ষ কেবল ব্যাখ্যা তলব করেই ক্ষান্ত হয়েছে।

তদন্ত কমিটি বলছে, বিষয়টির নিষ্পত্তি না করে মো. জাহাঙ্গীর হোসেনকে জিএম পদে পদোন্নতি দেওয়া ঠিক হয়নি। যেখানে ওই তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে ১০০ শতাংশ প্রতিপাদনে ১১১৬ দশমিক ৯১ মেট্রিক টন প্রসেস মালামাল ঘাটতিতে ৭,৪৩,৯১,২৭৭ টাকা ক্ষতির জন্য সংশ্লিষ্ট প্রকল্পপ্রধান ও উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই দায়ী বলে মন্তব্য পাওয়া গেছে। সেখানে প্রশাসনের সুনজরে থাকায় কোনোরূপ বিভাগীয় প্রসিডিং ছাড়াই কৌশলে মো. জাহাঙ্গীর হোসেনের জিএম হিসেবে ২০১৫ সালের ২৩ মার্চ পদোন্নতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রভাবিত করে পদোন্নতি পাওয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ, করিম জুট মিলে কর্মরত থাকার সময়ে বন্ধ আদমজী জুট মিলের মালামাল সংগ্রহ এবং ডেলিভারি প্রদানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে তদন্ত কমিটি জানায়, দরপত্রবহির্ভূত মালামাল সরবরাহের বিষয়টি প্রমাণিত। এ ছাড়া মো. জাহাঙ্গীর হোসেনের প্লাটিনাম জুট মিল ছাড়াও খুলনার স্টার জুট মিলে প্রকল্পপ্রধান হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাচিং থেকে ফিনিশিং পর্যন্ত প্রসেস মালামালের পুনর্বাস্তব প্রতিপাদন গ্রহণের জন্য গঠিত চার সদস্যের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ৩০১.২৬ মেট্রিক টন প্রক্রিয়াজাত মালামাল ঘাটতি পায়। যার ফলে গত ৬ জুলাই তারিখের ব্যাখ্যা তলব করেছে।

কমিটি জানায়, জাহাঙ্গীর প্লাটিনাম জুবিলি জুট মিলের প্রকল্পপ্রধানের অব্যবহিত আগের মিলে কর্মরত থাকার সুবাদে কোটি কোটি টাকা আত্মসাৎ/আর্থিক ক্ষতিসাধন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিল কর্তৃক কর্তৃক উত্থাপিত এবং তদন্তে প্রমাণিত অভিযোগসমূহ ও বিজেএমসির প্রধান কার্যালয়ে দাখিলের পর গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে প্রমাণিত না হওয়ার কারণে অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে তিনি সব সময়ই বিজেএমসির প্রধান কার্যালয়ের প্রশাসনের সুনজরে থেকে অপকর্ম করেছেন। মো. জাহাঙ্গীর হোসেন করিম জুট মিলে কর্মরত সময়ে বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের মালামাল সংগ্রহ এবং ডেলিভারি প্রদানের কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত। সে সময়ে গঠিত তদন্ত কমিটি তাঁকে দোষী/দায়ী করলেও বিরাট অঙ্কের উৎকোচ দিয়ে তাঁর নামে প্রসিডিংয়ের ফাইল আড়াল করে তাঁকে ২০০৯ সালে ডিজিএম হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। তদন্ত কমিটি মনে করে পদোন্নতি দেওয়ার উদ্দেশ্যেই দায়সারা তদন্তের প​রিপ্রেক্ষিতে ২০০৮-এ রুজু করা বিভাগীয় মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ডিজিএম পদে পদোন্নতি এবং অনেক বড় অপরাধের তথা আর্থিক ক্ষতি/আত্মসাতের ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তা পাশ কাটিয়ে শুধু ব্যাখ্যা তলব করেই তড়িঘড়ি করে মো. জাহাঙ্গীর হোসেনকে জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জানতে চাইলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘বিজেএমসিতে দুর্নীতির মাত্রাটা একটু বেশি। দুর্নীতি আর লোকসান বিজেএমসিকে শেষ করে দিয়েছে। তবে বিজেএমসির কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়, সেগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। সেভাবে ব্যবস্থাও নিচ্ছি। আশা করি, পাঁচ-সাত বছরের মধ্যে সংস্থাটি আর লোকসানে থাকবে না।’