তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার গণতন্ত্র সুসংহত করার জন্য বিভিন্ন সংস্কারকাজে হাত দিয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন গণমাধ্যমসংশ্লিষ্ট নীতিমালা গ্রহণ করা হচ্ছে। নীতিমালার কথা শুনলেই যাঁরা হইচই করেন, তাঁরা সব ‘স্বৈরাচারের দালাল’।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এর আয়োজন করে। এতে তথ্যমন্ত্রী আরও বলেন, চলচ্চিত্র নীতিমালা হবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির আলোকে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের যেকোনো নীতিমালা, বিধি বা আইন মুক্তিযুদ্ধের চেতনার আলোকে হওয়া বাঞ্ছনীয়।
মূল বক্তব্যে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের প্রধান এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, নীতিবিজ্ঞান নিয়ে ধারণার অভাবে বা অন্য কোনো উদ্দেশ্যে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’র বিরোধিতা করা হচ্ছে। তিনি বলেন, নীতিমালা সব সময় পরামর্শমূলক, বাধ্যতামূলক নয়।
আয়োজকদের পক্ষ থেকে জাতীয় চলচ্চিত্র নীতিমালায় এফডিসির আধুনিকায়ন, যৌথ প্রযোজনায় উৎসাহ দান, চলচ্চিত্রবিষয়ক সামগ্রী আমদানির ওপর কর কমানোসহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।