নীতিমালা নিয়েই আপত্তি এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন। প্রথম আলো ফাইল ছবি
এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন। প্রথম আলো ফাইল ছবি

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, সদ্য জারি হওয়া এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী এমপিওভুক্তি কার্যকর হলে অনেক প্রতিষ্ঠান এর আওতায় পড়বে না। ফলে ওই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তিতে কোনো গতিও হবে না। তাই তাঁদের মূল আপত্তিই এখন এই নীতিমালা নিয়ে।

গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য ইতিমধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮’ জারি করা হয়েছে। এই নীতিমালার অনুসরণে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্যে দুটি কমিটি গঠনের কথাও জানান তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের সড়কে অনশনরত শিক্ষকদের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. নান্নু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা খুবই খুশি হয়েছি যে প্রধানমন্ত্রী অবশেষে আমাদের ব্যাপারে মুখ খুলেছেন। কিন্তু তিনি বর্তমান নীতিমালার অধীনে এমপিওভুক্তির কথা বলেছেন। এটা হলে আমরা বঞ্চিতই থেকে যাব। আমাদের কোনো গতি হবে না।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘নীতিমালায় আছে পাসের হার, শিক্ষার্থীর সংখ্যাসহ অনেক শর্তই উল্লেখ আছে। তা শুধু তাদের নয়, অনেক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেরও নেই। নান্নু মিয়া বলেন, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেক পুরোনো এবং বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত। নতুন করে নিয়মের ফাঁদে পড়তে চান না।’

সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, এই নীতিমালা নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হতে পারে। তাঁদের জন্য না। তাঁরা চান, বোর্ডের স্বীকৃতি অনুযায়ী তাঁদের এমপিওভুক্ত করা হোক। তবে প্রধানমন্ত্রীর নীতিমালার কথা উল্লেখ করার ব্যাপারে বলেন, তিনি চাইলে সবই পারেন। তাঁদের কথা বিবেচনা করবেন।

লিখিত এক বক্তব্যে সংগঠনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নীতিমালার কথা উল্লেখ করায় শিক্ষকেরা হতাশ হয়েছেন। তাঁদের এমপিওভুক্তির ঘোষণা না এলে অনশন চালিয়ে যাবেন।

এমপিওভুক্তির দাবিতে গত ১০ জুন থেকে তাঁরা এখানে টানা অবস্থান করছেন। আর আমরণ অনশন করছেন ১১ দিন ধরে। স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এমপিওভুক্তির দাবিতে এর আগেও জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে নামে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত অনশন করার পর প্রধানমন্ত্রীর আশ্বাসে তাঁরা অনশন ভেঙে বাড়ি ফিরে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা তখন তাঁদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। কিন্তু শিক্ষকেরা বলছেন, এ বছরের বাজেটে সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বরং এমপিও নীতিমালা করে তাঁদের সংকটে ফেলে দিয়েছে। তাঁরা চাচ্ছেন, এমপিওভুক্তি করে যেন নীতিমালার কোটা পূরণের জন্য তিন বছরের মতো সময় দেওয়া হয়।