নীতিমালা না থাকায় কোর্স শেষ করেও সনদ পাচ্ছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ইএমবিএ) শিক্ষার্থীরা। দুই বছর আগে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের কোর্স শেষ করেও এখনো সনদ পাননি। কর্মরত প্রতিষ্ঠানে সনদ দেখাতে না পেরে কয়েকজন চাকরিও হারিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে এই কোর্স পরিচালিত হয়। গত বছর নভেম্বরে এই অনুষদের শিক্ষকেরা প্রথম আলোকে জানিয়েছিলেন, অনুষদে ডিন না থাকায় ইএমবিএর শিক্ষার্থীদের সনদ দেওয়া যাচ্ছে না। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, নীতিমালা না থাকায় শিক্ষার্থীদের সনদ দিতে পারছেন না তাঁরা।
বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোর্সের শিক্ষার্থীদের সনদ হস্তান্তর প্রক্রিয়া কী হবে, এখান থেকে উপার্জিত কত টাকা শিক্ষকেরা পাবেন আর কত টাকা বিশ্ববিদ্যালয় পাবে, কীভাবে এই টাকা হস্তান্তর হবে ইত্যাদি বিষয়ে কোনো নীতিমালা তৈরি হয়নি। এ কারণেই শিক্ষার্থীদের সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। নীতিমালা তৈরির জন্য গত জুনে কোষাধ্যক্ষ আবুল খায়েরকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
আবুল খায়ের বলেন, নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ। আর একটি সভা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে।
২০১১ সালের সেপ্টেম্বরে ব্যবসায় শিক্ষা অনুষদে এই কোর্স চালু করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স শেষ হয়ে যায়। এরপর এ বছর নভেম্বর পর্যন্ত মোট ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা এই কোর্স শেষ করে। কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো সনদ পাননি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যক্তিগতভাবে প্রায় প্রত্যেকে সনদ পাওয়ার চেষ্টা করে প্রশাসনের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন। কিন্তু ব্যর্থ হয়ে গত ২৩ মে অনুষদের তৎকালীন ডিন মো. তরিকুল ইসলামকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তখন ডিন দ্রুত সনদ দেওয়ার আশ্বাস দিলেও এরপর পার হয়ে যায় পাঁচ মাস। সনদের দাবিতে সব শেষ গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এবং উপাচার্যকে স্মারকলিপি দেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, ছয়টি ব্যাচের ছয় শতাধিক শিক্ষার্থী এ পর্যন্ত কোর্স শেষ করেছেন। তাঁদের অধিকাংশই চাকরিজীবী। চাকরিতে পদোন্নতি এবং ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রেও এই কোর্স গুরুত্বপূর্ণ। কিন্তু অনুষদ থেকে কোর্স সম্পন্নকারীদের যে নম্বরপত্র দেওয়া হয়েছে, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় কোথাও তা গ্রহণ করা হচ্ছে না।
দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল ইসলাম জানান, সনদ প্রক্রিয়াধীন দেখিয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘সিনিয়র অ্যানালিস্ট’ হিসেবে যোগদান করেছেন। এরপর সনদ উপস্থাপনের জন্য আবেদন করে চারবার সময় বাড়িয়েছেন। তবুও সনদ উপস্থাপন করতে না পারায় গত বৃহস্পতিবার তিনি চাকরি হারিয়েছেন।
নীতিমালা না করেই কেন কোর্স চালু করা হলো, এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও কমিটির অন্যতম সদস্য মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার যোগদানের আগে থেকেই এখানে এই সমস্যা ছিল। আসলে কেউ তো উদ্যোগ নিতে চায় না, তাই এ ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। তবে নীতিমালা তৈরির কাজ শেষ। আশা করছি, এ মাসের মধ্যেই শিক্ষার্থীরা সনদ পাবেন।’