উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশিত না হলেও কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজে আগেভাগে ছাত্রী ভর্তি করা হচ্ছে। এ পর্যন্ত ১০৩ জন ভর্তি হয়েছে এই কলেজে।কলেজ সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০ জন করে মোট ৪৫০ ছাত্রী ভর্তি করা হবে। ২২ মে থেকে কলেজে ভর্তির ফরম বিক্রি শুরু হয়েছে। বুধবার পর্যন্ত ভর্তি ফরম বিক্রি হয়েছে ১৩৫টি। ভর্তি হয়েছে ১০৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১৮ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৩৪ জন এবং মানবিকে ৫১ জন।কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক জানান, ভর্তির নীতিমালা প্রকাশের আগে কোনো প্রতিষ্ঠান ভর্তিপ্রক্রিয়া শুরু করতে পারে না। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পড়াশোনার মান ভালো বলেই নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থী ভর্তি হওয়া শুরু করেছে।কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভর্তির নীতিমালায় কোনো ধরনের পরিবর্তন হবে না জেনেই আমরা ছাত্রী ভর্তি শুরু করেছি। ৩১ মে পর্যন্ত ভর্তি ফরম বিক্রি হবে। ৭ জুন থেকে ক্লাস শুরু হবে।’