ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে আবাসন নির্মাণের তৎপরতা বন্ধ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন তৈরির পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক থেকে এ নির্দেশ দেওয়া হয় বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম বলেন, রাজধানীসহ আশপাশের এলাকায় নীতিমালা লঙ্ঘন করে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠছে, তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। আবাসন ব্যবসায়ীদের এই ধরনের তৎপরতা বন্ধ করার জন্য সময়োপযোগী একটি আইনের প্রয়োজন বলে উপস্থিত সদস্যরা মত দেন। বৈঠকে ভাসানটেকের ফ্ল্যাট বরাদ্দ চুক্তি কীভাবে বাতিল করা যায়, সে সম্পর্কেও আলোচনা হয়েছে।গতকাল সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরও জানানো হয়েছে, উপজেলাভিত্তিক খাসজমি, ভূমিহীন পরিবারের সংখ্যা এবং জমির প্রাপ্যতা নির্ধারণ করে তার তালিকা কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।ঢাকা মহানগরে আরও কয়েকটি সরকারি স্কুল ও কলেজ স্থাপনের জন্য স্থান নির্বাচন এবং জমি অধিগ্রহণের বিষয়ে মন্ত্রণালয়কে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। একই সঙ্গে জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের লক্ষ্যে এগুলোর সংখ্যা ও বাস্তব অবস্থা সম্পর্কিত পরিসংখ্যান কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী রেজাউল করিম, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. শাহাবউদ্দিন, আব্দুল হাই, মতিউর রহমান ও রণজিৎ কুমার রায় উপস্থিত ছিলেন।