নীতিমালা ভেঙে যমুনা অয়েল কোম্পানির গাড়িঋণের প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা ভেঙে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১০ কর্মকর্তাকে গাড়ির ঋণ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার যমুনা অয়েল কোম্পানির বোর্ডসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অথচ বছরে কেবল পাঁচজন কর্মকর্তাকে ঋণ দেওয়ার নিয়ম রয়েছে।

যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, চলতি বছর চট্টগ্রামে যমুনার প্রধান কার্যালয় থেকে ঢাকায় এ সুপারিশ পাঠানো হয়। ১০ জনের জন্য গাড়ির ঋণের সুপারিশ পাঠানো হয়েছে। আজ রোববার যমুনা অয়েল কোম্পানির বোর্ডসভায় এ সুপারিশ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। নিয়মের বাইরে অতিরিক্ত পাঁচজনের নামে ঋণ মঞ্জুর হলে কোম্পানির বছরে খরচ হবে ১২ লাখ টাকা।

যমুনা অয়েলের বোর্ডসভার চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের প্রথম আলোকে বলেন, বোর্ডসভার আলোচ্যসূচিতে বিষয়টি রাখা হয়েছে। ঋণপ্রাপ্তির নীতিমালা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, ঋণের ক্ষেত্রে কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। এবার সুপারিশ করা ১০ জনের মধ্যে মাত্র তিনজন এই বিভাগের কর্মকর্তা। তাঁরা হলেন সৈয়দ সাব্বির হোসেন, মো. হাসান ইমাম ও সৈয়দ শাহীদুল আলম। বাকিরা অপারেশন ও হিসাব বিভাগের। আবার তালিকা তৈরির ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ১০ কর্মকর্তার মধ্যে অন্তত পাঁচজন আগে থেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। তবে ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কেউ আগে থেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন কি না, তা আমাদের জানা নেই। গাড়ি ব্যবহার করলে ঋণ চাইবে কেন?’

আলীম উদ্দিন আরও বলেন, ‘প্রতিবছর পাঁচজনের জন্য ঋণ বরাদ্দের নিয়ম রয়েছে। গত বছর কাউকে ঋণ দেওয়া হয়নি। তাই এবার ১০ জনের নাম পাঠানো হয়েছে। সবাই ঋণ পাবে কি না, তা আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি।’

কোম্পানি সূত্র জানায়, একজন কর্মকর্তার জন্য দুই লাখ টাকা করে গাড়ির ঋণ বরাদ্দ হয়। ঋণ পাওয়া গেলে সেই মাস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা জ্বালানি খরচ, অবচয় ভাতা ও চালকের বেতন বাবদ বেতনের সঙ্গে বাড়তি ২০ হাজার টাকা পান। সপ্তাহে পাঁচ দিন সংশ্লিষ্ট কর্মকর্তার গাড়ির চালক ক্যানটিনে টাকা ছাড়াই দুপুরের খাবার পান। তবে দুপুরের খাবার বাবদ একজন কর্মকর্তাকে প্রতিদিন এক টাকা এবং কর্মচারীকে কেবল ৫০ পয়সা করে বিল দিতে হয়, যা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় হয়।

সূত্র জানায়, ঋণ পাওয়া গেলে ১০ শতাংশ সরল সুদে ৬০ কিস্তিতে তা পরিশোধ করতে হবে। ফলে প্রতি মাসে কোম্পানিকে চার হাজার ৪০০ টাকা করে পরিশোধ করতে হবে। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তা পাবেন ২০ হাজার টাকা করে। ঋণের কিস্তি দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তার মাসিক আয় বাড়বে সাড়ে ১৫ হাজার টাকা।