সরকারের জরিপে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের রক্ত পরিসঞ্চালনকেন্দ্র থেকে সংগৃহীত রক্তের নমুনায় হেপাটাইটিস বি ও সি, সিফিলিস ও এইডসের জীবাণু পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন ২০০৯-এ এই জরিপের তথ্য প্রকাশ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, রক্ত দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে সরকারি কোনো নজরদারি নেই। নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিধিমালা না মেনেই রক্ত দেওয়া হচ্ছে মানুষকে। জোর নজরদারি শুরু না করলে পেশাদার রক্তদাতার সংখ্যা বাড়বে, সেই সঙ্গে বাড়বে স্বাস্থ্যঝুঁকি।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত তিন বছরে রাজধানীর ১৮টি অবৈধ ব্লাড ব্যাংকে অভিযান চালায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, এসব প্রতিষ্ঠানে র্যাব দূষিত রক্ত পেয়েছে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান মাদকসেবী ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত নিয়ে মানুষের কাছে বিক্রি করত।হেলথ বুলেটিনে তিন লাখ ৫৮ হাজার ৩৪৬ ব্যাগ রক্তের পরীক্ষার হিসাব দেওয়া হয়েছে। এর মধ্যে তিন হাজার ৪২৯টি ব্যাগে বিভিন্ন রোগের জীবাণু পাওয়া যায়। এসব ব্যাগের ৮৭ শতাংশে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু পাওয়া যায়। এ ছাড়া ৩০০ ব্যাগে হেপাটাইটিস সি, ১৪২টি ব্যাগে সিফিলিসের জীবাণু এবং ১৩টি ব্যাগে এইচআইভির জীবাণু পাওয়া যায়।নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিধিমালা, ২০০৮-এ বলা আছে, উপযুক্ত রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করাতে হবে। রক্ত এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, ম্যালেরিয়া ও সিফিলিস—এই পাঁচটি রোগের জীবাণুমুক্ত পরীক্ষায় এটা নিশ্চিত হলেই সেই রক্ত অন্যকে দেওয়া যায়। পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত না নেওয়ার কথাও বলা হয়েছে ওই বিধিমালায়। নাগরিক সংগঠন হেলথ ওয়াচ সম্প্রতি ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০০৯: কেমন চলছে স্বাস্থ্য খাতের পরিচালনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করছে। গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে সংগৃহীত প্রায় ৭০ ভাগ রক্তই পেশাদারদের কাছ থেকে নেওয়া। এসব রক্তের ৬০ শতাংশই কোনো ধরনের পরীক্ষা না করেই অন্য মানুষের দেহে ব্যবহার করা হচ্ছে। প্রতিবছর দেশে প্রায় এক লাখ মানুষ অনিরাপদ রক্তের কারণে হেপাটাইটিস বি ও সিফিলিসের মতো রক্তবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের সংখ্যা ১১৬টি। আর বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা ৩৫টি, এর ৩৩টি রাজধানীতে।রাজধানীতে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে গিয়ে দেখা গেছে, মানুষ রক্ত নেওয়ার জন্য ভিড় করছে। চানখাঁরপুলে লাইফ সেইভ রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে রক্ত সংগ্রহ করতে আসেন সিয়াম মিয়া। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি থাকা স্ত্রীর অস্ত্রোপচারের সময় ‘ও পজিটিভ’ রক্তের প্রয়োজন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ডাক্তাররা বলল রক্ত লাগবে। কোনো জায়গায় পাই নাই। তাই এখানে চলে এসেছি।’ পাঁচটি রোগের জীবাণুর সংশ্লিষ্টতা পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রক্তের গ্রুপ মিলেছে তা জানি। আর কিছু জানি না।’ এসব জীবাণু পরীক্ষার কোনো কাগজও তাঁকে দেওয়া হয়নি। নজরদারি নেই: নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিধিমালা, ২০০৮-এ বলা আছে, রক্ত পরিসঞ্চালন কেন্দ্র পরিদর্শনের জন্য প্রতি জেলায় একটি কমিটি থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব কমিটি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও নজরদারির ব্যবস্থা নেই। এমনকি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানে ঠিকমতো রক্ত পরীক্ষা করা হচ্ছে কি না, তাও নিয়মিত নজরদারি করছে না অধিদপ্তর।এ ব্যাপারে বেসরকারি ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম এ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব প্রতিষ্ঠানে নজরদারি করার জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা মানা হচ্ছে না।’ তিনি বলেন, র্যাবের পরিদর্শনের সময় কোনো বিশেষজ্ঞ থাকেন না। ফলে র্যাবের পরিদর্শন যথাযথভাবে হয় না। তিনি অভিযোগ করেন, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে সরকারের নজরদারিই নেই।স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, রাজধানীতে এসব প্রতিষ্ঠান নজরদারি করার জন্য দুটি কমিটি আছে। এসব কমিটিতে তিনজন করে সদস্য আছেন। তবে এসব কমিটির কার্যক্রম জোরালো নয়। কমিটির সদস্যদের অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকতে হয়।নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে স্বেচ্ছায় রক্তদান, স্বজনকে রক্তদান এবং রক্তদানে উৎসাহিত করার ব্যাপারে নীতিমালা প্রণয়ন করার কথা বলা আছে। একই আইনে বেসরকারি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র নিয়ন্ত্রণ, রক্তদাতাদের পরিসংখ্যান সংরক্ষণ পদ্ধতি, পেশাদার রক্তদানে নিরুৎসাহিত করা এবং সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্র পরিচালনার নীতিমালা প্রণয়নের কথাও বলা আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো নীতিমালাই প্রণয়ন করা হয়নি।এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করতে এসব নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন জরুরি। নয়তো রক্তের চাহিদা মেটাতে পেশাদার রক্তদাতাদের সংখ্যা দিন দিন বাড়বে, সেই সঙ্গে বাড়বে স্বাস্থ্যঝুঁকি।