ঢাকায় নতুন ট্যাক্সিক্যাবও নিয়মনীতি মাড়িয়েই যাত্রা শুরু করল। এর খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। তাঁদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
ট্যাক্সিক্যাবের নীতিমালার ভাড়া অংশটুকু ২২ এপ্রিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, ফোন করে ট্যাক্সিক্যাব ভাড়া করতে চাইলে গ্রাহককে মিটারে ওঠা নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি দিতে হবে। কিন্তু এখন ফোন করলে ট্যাক্সিক্যাব যেখান থেকেই রওনা হবে, সেখান থেকেই মিটার চালু করে দেওয়া হয়। অর্থাৎ, ফোন করার সময় ট্যাক্সিক্যাব যদি যাত্রীর অবস্থান থেকে দুই-তিন কিলোমিটার দূরে থাকে, সেই পথের ভাড়া মিটার ধরে গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে। এতে গ্রাহক ট্যাক্সিক্যাবে চড়ার আগেই শতাধিক টাকা ভাড়া উঠে যাচ্ছে।
১৯৯৮ সালে প্রথম ট্যাক্সিক্যাব নামার কিছুদিন পরই নীতিমালা ভেঙে চুক্তিতে যাত্রী বহন শুরু হয়। ঢাকায় চলাচলরত সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রেও একই ঘটনা চলে আসছে বছরের পর বছর। তাদের নীতিমালার আওতায় আনার কার্যকর কোনো উদ্যোগ নগরবাসী দেখেনি। দুটি খাতের চালক-মালিকদের হাতে জিম্মি হয়ে আছেন যাত্রীরা। বেশি ভাড়ার নতুন ট্যাক্সিক্যাব এলেও যাত্রীভাগ্যের হেরফের হচ্ছে না।
সম্প্রতি ঢাকায় তমা কনস্ট্রাকশন কোম্পানি ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট মিলে ৪৬টি ট্যাক্সিক্যাব নামিয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০০ ট্যাক্সিক্যাব নামানোর চুক্তি করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চুক্তিতে চার মাসের মধ্যে এসব ট্যাক্সিক্যাব নামানোর কথা বলা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরেই সেই চার মাস পেরিয়ে গেছে। ট্যাক্সিক্যাব নেমেছে চলতি মাসে।
সরেজমিনে গত সোমবার বেলা ১১টা থেকে তিনটার মধ্যে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, ফার্মগেট বাসস্টপ ও বিমানবন্দর রেলস্টেশনে গড়ে আধা ঘণ্টা করে দাঁড়িয়ে থেকে ট্যাক্সিক্যাবের দেখা মেলেনি। তবে বিকেল চারটার দিকে কারওয়ান বাজার মোড়ে দুটি ট্যাক্সিক্যাবকে যাত্রীসহ চলতে দেখা গেছে। এর একটি পুরোনো এবং অন্যটি নতুন। পুরোনোটির নম্বর নিয়ে বিআরটিএতে খোঁজ করলে জানা যায়, এটির মেয়াদ পেরিয়ে গেছে।
নীতিমালা ভেঙে বেশি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বেশি ভাড়ার সমস্যাটা মে মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। আরও কিছু ট্যাক্সিক্যাব দেশে এসে গেছে। এগুলো রাস্তায় নামলে সমস্যা থাকবে না।
তদারককারী মন্ত্রণালয়ের মতোই কথা বলেছে এই ব্যবসায় নিয়োজিত তমা কনস্ট্রাকশন। কোনো পক্ষই এই অনিয়ম বন্ধ করার কোনো তাৎক্ষণিক ব্যবস্থা বা উদ্যোগের কথা বলল না। ফলে তাদের মর্জি হওয়া পর্যন্ত যাত্রীদের পকেট কাটা চলতেই থাকবে।
যোগাযোগসচিবের মতো তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমানও প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যে বেশ কিছু নতুন ট্যাক্সিক্যাব যোগ হবে। পর্যায়ক্রমে এই সমস্যার (বাড়তি ভাড়া নেওয়া) সমাধান হয়ে যাবে।
এই ‘সেবা’ উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ট্যাক্সিক্যাবগুলো অকটেনে চলাচল করবে। কিন্তু অভিযোগ ওঠেছে, কিছু গাড়ি ইতিমধ্যে সিএনজিতে রূপান্তর করা হয়েছে।
জানতে চাইলে তমা কনস্ট্রাকশনের এমডি আতাউর রহমান বলেন, ‘আমরা সব গাড়ির জ্বালানি সিএনজি দেখিয়ে নিবন্ধন নিয়েছি। তবে এখনো সিএনজিতে রূপান্তর করা হয়নি।’
ট্যাক্সিক্যাবের ভাড়া নির্ধারণের সময় বিআরটিএ যে ব্যয় বিশ্লেষণ করেছিল, সেখানে জ্বালানি অকটেন ধরে হিসাব করা হয়। প্রতি লিটার অকটেনের দাম ৯৯ টাকা। আর প্রতি ঘনফুট গ্যাসের মূল্য ৩০ টাকা। জ্বালানি খরচ বেশি বলে তখন পরিচালন ব্যয় বেশি এবং সে হিসাবে আয় বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে যোগাযোগসচিব বলেন, বিআরটিএতে খোঁজ নিয়ে তিনি ট্যাক্সিক্যাব সিএনজিতে রূপান্তরের অভিযোগের সত্যতা পাননি।