নীতিমালা লঙ্ঘন করে খাসজমি বন্দোবস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে রাজশাহীর বাগমারায় তাহেরপুর বাজারে ২০ শতাংশ জমি ৩২ জন ব্যবসায়ীকে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, জমি যাঁর দখলে থাকবে, তিনি বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাহেরপুরের বাজারে ওই ২০ শতাংশ জমি দীর্ঘদিন ৩২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর দখলে ছিল। কিন্তু ওই জমি উপজেলা ভূমি কার্যালয় তাঁদের বন্দোবস্ত দেয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহেরপুর মৌজার ১৭৬১ নম্বর দাগের ২০ শতাংশ জমিতে দোকান নির্মাণ করে ১৮ বছর ধরে ৩২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। এ জমি তাহেরপুর বাজারের চৈতালী পট্টিতে। উপজেলা ভূমি কার্যালয় সম্প্রতি ওই জমি প্রভাবশালী ৩২ ব্যবসায়ীকে এক বছরের জন্য বন্দোবস্ত দিয়েছে। ২১ এপ্রিল ওই ব্যবসায়ীরা ডিসিআর সংগ্রহ করেন। সেখানে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার উপজেলা ভূমি কার্যালয়ের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে এর আগে গত রোববার ক্ষুদ্র ব্যবসায়ীরা তাহেরপুর বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে অভিযোগ করা হয়, উপজেলা ভূমি অফিস গোপনে প্রভাবশালী ব্যবসায়ী ও বহিরাগত ব্যক্তিদের তাঁদের দখলীয় জমি বন্দোবস্ত দিয়েছে। বন্দোবস্ত দেওয়ার আগে ভূমি অফিস তাঁদের কোনো নোটিশ দেয়নি।সরকারি খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী হাট-বাজারের খাসজমি ‘চান্দিনা ভিটা’ হিসেবে চিহ্নিত করা হয়। এ রকম চান্দিনা ভিটা সাধারণত এক বছর এবং ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। এ রকম জমি যাঁর দখলে থাকে, বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে তিনিই অগ্রাধিকার পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই জমি যে বন্দোবস্ত দেওয়া হবে, তাঁরা তা জানেনই না। ১৯৯৮ সালে তাঁরা বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ওই সময় তাঁদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে গত এক যুগেও বন্দোবস্ত দেওয়ার বিষয়ে কেউ কোনো আলাপ করেননি। হঠাৎ ২২ এপ্রিল তাঁরা জানতে পারেন, তাঁদের দখলীয় জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাঁদের কাছে কেউ সেলামি চাননি। তবে তাঁরা হাটের ইজারাদারকে নিয়মিত খাজনা দিয়েছেন।বন্দোবস্ত পাওয়া ব্যবসায়ী আবদুল বারিক জানান, তাঁরা ১৯৯৮ সালে ওই জমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন জায়গাটি বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে জনৈক আবুল কাশেম বন্দোবস্ত দেওয়ার এ সিদ্ধান্ত বাতিল করে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর তাঁদের নামে বন্দোবস্ত দেওয়ার আবেদন করেন। পরে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন খারিজ হয়ে যায় এবং উপজেলা ভূমি অফিসের সিদ্ধান্ত বহাল রাখা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হামিদ মিয়া জানান, নিয়ম মেনে জায়গাটি বন্দোবস্ত দেওয়া হয়েছে।