নীতিমালা লঙ্ঘন করে খেলাপিরাও সিআইপি!
নীতিমালা লঙ্ঘন করে প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ঘোষণা করতে যাচ্ছে সরকার। তাঁদের বিরুদ্ধে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও ঋণ-সংক্রান্ত মামলা রয়েছে আদালতে।
সিআইপি (রপ্তানি) নীতিমালা, ২০১৩-এর ৭ (খ) ধারায় বলা হয়েছে, ‘ঋণখেলাপি ও কর বকেয়া থাকলে কেউ সিআইপি নির্বাচনের জন্য বিবেচিত হবেন না।’ যে বাণিজ্য মন্ত্রণালয় এই নীতিমালা করেছে, সেই মন্ত্রণালয়ই তা লঙ্ঘন করছে।
সিআইপি ঘোষণার জন্য এবার মোট ১৪৭ জনের একটি তালিকা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তালিকার ৭, ৪১, ৪৩, ৪৪, ৪৫, ৫৩, ৮৫, ৯৬ ও ৯৮ ক্রমিকধারীকে নিয়ে আপত্তি ওঠে মন্ত্রিপরিষদ বিভাগে। তার পরও তাঁদের সিআইপি করার সুপারিশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, তাঁদের কয়েকজন হচ্ছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ও সানফ্লাওয়ার সল্ট ইন্ডাস্ট্রিজের এমডি কোহিনূর ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক নিজামউদ্দিন আহমেদ, বিকেএমইএর সদস্য ও ক্লিফটন গ্রুপের কর্ণধার কামাল উদ্দিন চৌধুরী, গাজীপুর সি ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী শাহনেওয়াজ, ইসমাইল টেক্সটাইল মিলসের পরিচালক আবদুল্লাহ মো. জোবায়ের, কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানির এমডি কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এফবিসিসিআইয়ের পরিচালক কোহিনূর ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর কোনো আয়কর বকেয়া নেই। তাঁর প্রতিষ্ঠানের নামেও কোনো ঋণ নেই। আরেক পরিচালক নিজামউদ্দিন আহমেদ জানান, তিনি ঋণখেলাপি বা আয়কর খেলাপি নন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলেছে, তাঁদের বক্তব্য সঠিক নয়, তাঁরা সবাই ঋণ অথবা আয়কর খেলাপি।
সিআইপি হলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় সরকারের কাছ থেকে। যেমন: সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস; জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ; ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার; স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
গত ৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নয়জনসহ ১৪৭ জনের সুপারিশই অনুমোদিত হয়। ১৪ আগস্ট পুরো তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত এসেছে। প্রধানমন্ত্রী চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে নির্বাচিত সিআইপিদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সিআইপি নির্বাচনের জন্য অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী এক মাস আগে অর্থাৎ গত ১৪ জুলাই এনবিআরে পাঠায়। এতে বলা হয়, ‘১৪৭ জনের মধ্যে নয়জনের বিরুদ্ধে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও ঋণসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা অনিষ্পন্ন থাকায় তাঁদেরও সিআইপি নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে।’ সুপারিশটি করেন তৎকালীন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, বর্তমানে যিনি অর্থসচিব।
যোগাযোগ করলে অর্থসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মামলা অনিষ্পন্ন থাকলে সিআইপি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে মামলার রায় কারও বিরুদ্ধে গেলে সঙ্গে সঙ্গে তাঁর বা তাঁদের সিআইপি মার্যাদা বাতিল করা হবে।’
পণ্য রপ্তানি ও বাণিজ্য বা ট্রেড—এই দুই শ্রেণিতে সিআইপি মর্যাদা দেওয়া হয়। বিদ্যমান নীতিমালা অনুযায়ী এবার ১৮৮ জনকে সিআইপি ঘোষণা করার কথা। ১৪০ জনকে পণ্য রপ্তানি ও ৪৮ জনকে ট্রেড শ্রেণিতে। আগেরবার অবশ্য দুই শ্রেণি মিলিয়ে ১৬৫ জনকে সিআইপি করার সুযোগ রাখা হয়েছিল।
কিন্তু এবার সিআইপি ঘোষণার জন্য দেশে ১৮৮ জন স্বচ্ছ লোক খুঁজে পায়নি সরকার। তাই ১৪৭ জনকে (১৪৯ জন ছিলেন, দুজন মারা গেছেন) সিআইপি মর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পণ্য রপ্তানি খাতে ১০১ ও ট্রেড খাতে ৪৬ জন।