নীতিমালা লঙ্ঘন করে নলকূপ স্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় নীতিমালা লঙ্ঘন করে ২০০ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব নলকূপ পাশাপাশি স্থাপন করায় পানিসংকটের আশঙ্কা করা হচ্ছে।মোহামঞ্চদপুর গ্রামের আবদুস সামাদ বলেন, ‘১৯৯৩ সালে আমি নলকূপ স্থাপন করেছি। ২০০৮ সালে এর পাশে মাত্র ৭০০ ফুট দূরে আবদুল হাকিম নামের এক ব্যক্তি আরেকটি গভীর নলকূপ স্থাপন করেছেন। ওই সময় আমি তা বন্ধ করার ও বিদ্যুতের সংযোগ না দেওয়ার দাবি জানিয়ে মামলাও করেছি। কিন্তু কোনো ফল হয়নি।’ একই ধরনের অভিযোগ করেন হামিরকুৎসা গ্রামের আমজাদ হোসেনসহ কয়েকজন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাগমারায় চলতি বছর পর্যন্ত মোট ৮৬১টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৪২৩টি ও ব্যক্তিমালিকানা ৪৩৮টি। এর মধ্যে প্রায় ২০০ নলকূপ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসানো হয়নি।১৯৮৫ সালের ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা থেকে জানা যায়, রাজশাহীর বাগমারা এলাকার জন্য দুই হাজার ২৮৬ ফুট (৬৯৭ মিটার) দূরত্ব বজায় রেখে গভীর নলকূপ স্থাপন করা যাবে। ২০০৮ সালের ৪ ডিসেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নীতিমালাটি আবার অনুমোদন দিয়ে পরিপত্র জারি করা হয়।সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাচারীকোয়ালীপাড়ার মোহনপুরে এক হাজার ৫০০ ফুটের মধ্যে চারটি গভীর নলকূপ রয়েছে। আশরাফ আলী, আবদুস সালাম, মজিবুর রহমান ও সাইদুর রহমান এসব নলকূপের পরিচালক। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে নলকূপগুলো। বাসুপাড়ার মোহামঞ্চদপুর গ্রামে আবদুস সামাদের নলকূপ থেকে ৭০০ ফুট দূরে আরেকটি গভীর নলকূপ স্থাপন করেছেন ওই এলাকার আবদুল হাকিম। হামিরকুৎসা ডাঙ্গাপাড়ায় এক হাজার ৫০০ ফুটের মধ্যে পাঁচটি গভীর নলকূপ দেখা যায়। এর মধ্যে দুটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ও তিনটি ব্যক্তিমালিকানার। গত বছরের মার্চ মাসে সেখানে নাজমুল করিম নামের এক ব্যক্তি নলকূপ স্থাপন করেন। ঝিকরা, আউচপাড়া, বড়বিহানালীসহ বেশ কিছু এলাকায় একই চিত্র দেখা যায়।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বাগমারা জোনের সহকারী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান বলেন, আমি দূরত্ব বজায় না রাখায় উপজেলার কামনগর, কিসমতবিহানালীসহ কয়েকটি ব্যক্তিমালিকানাধীন নলকূপে বিদ্যুতের সংযোগ না দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। তবে কোনো কাজ হয়নি।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার আঞ্চলিক দপ্তরের ব্যবস্থাপক একরামুল হক বলেন, উপজেলা সেচ কমিটির সুপারিশে গভীর নলকূপগুলোতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। তবে বিদ্যুতের সংযোগের বিষয়টি নাটোর জিএম অফিস দেখাশোনা করে।উপজেলা সেচ কমিটির সদস্যসচিব মশিউর রহমান বলেন, সভা ডেকে নলকূপে বিদ্যুতের সংযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। বিভিন্ন কারণে সেচ কমিটির সভা হয় না। বাগমারা উপজেলা কৃষি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, নীতিমালা লঙ্ঘন করে কাছাকাছি নলকূপ স্থাপন করায় পানির সমস্যা হবে। পানির স্তর নিচে নেমে যায়। এ কারণে নলকূপ দিয়ে পানি যেভাবে ওঠার কথা তা হয় না।