নীতিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও হুঁশিয়ারি করে বলেছেন, রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) নীতিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ বরদাশত করা হবে না। যাঁরা বিধি ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় দুর্যোগব্যবস্থাপনা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা বলেন, রাজউকের নীতিমালার বাইরে কোনো ভবন নির্মাণ করা যাবে না। তিনি এ ব্যাপারে রাজউককে আরও সচেতন ও কঠোর হওয়ার নির্দেশ দেন।প্রধানমন্ত্রী গণমাধ্যমের সাহায্যে ভূমিকম্পের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও ভূমিকম্প সম্পর্কে সচেতন করে তোলার ওপর জোর দেন। সভায় প্রধানমন্ত্রী বর্ষা মৌসুমের আগেই ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় বাঁধ মেরামতসহ পুনর্বাসনকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। তিনি দ্রুততার সঙ্গে পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, ভবিষ্যতে বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করে পুনর্বাসন কর্মসূচি হাতে নিতে হবে। বর্ষা মৌসুমে বাঁধের কাজ করা খুবই কঠিন উল্লেখ করে তিনি খুব দ্রুত বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভায় অংশ নেন। পরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ছয় সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে। প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাঁদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।