নীতিমালা লঙ্ঘন করে ২৪টি করাতকল!
কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে নীতিমালা লঙ্ঘন করে ২৪টি করাতকল স্থাপন করা হয়েছে। লাইসেন্সবিহীন এসব করাতকলে সংরক্ষিত বনের গাছ চেরাই করে বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উজাড় হয়ে যাচ্ছে পাহাড়ি বন।স্থানীয় সূত্র জানায়, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়িতে নীতিমালা লঙ্ঘন করে ২৪টি করাতকল স্থাপন করা হয়েছে। এসব করাতকলে স্থানীয় লোকজনের নিজস্ব গাছ চেরাই করার পাশাপাশি সরকারি পাহাড়ের গাছও চেরাই করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী পাহাড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। সরেজমিনে দেখা যায়, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর এলাকায় পাহাড়ি বনের এক কিলোমিটারে মধ্যে বসানো হয়েছে অবৈধ করাতকল। স্থানীয় বনদস্যুরা পাহাড় থেকে রাতের বেলায় সরকারি গাছ কেটে নিয়ে এসব করাতকলে চেরাই করছে। কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনার কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি বনের গাছ চেরাই করে পাশের আসবাবপত্রের দোকানগুলোতে আসবাবপত্র বানানোর পাশাপাশি অনেক কাঠ বাইরে পাচার হয়।স্থানীয়রা বলছেন, সংরক্ষিত বন রক্ষা করতে হলে অবৈধ করাতকলগুলো উচ্ছেদ করা খুবই জরুরি। তা না হলে পাহাড়ি সংরক্ষিত বন ন্যাড়া পাহাড়ে পরিণত হবে।বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক প্রথম আলোকে বলেন, ২৪টি অবৈধ করাতকল উচ্ছেদ করতে শিগগিরই অভিযান চালানো হবে। এ প্রসঙ্গে বন বিভাগের কক্সবাজারের উপকূলীয় সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, গত বছর তিন দফা অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ওই স্থানে আবারও করাতকল স্থাপন করায় মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, এসব অবৈধ করাতকল স্থায়ীভাবে বন্ধ করার জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলির ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘করাতকলের লাইসেন্স পেতে বন বিভাগে অনেকবার আবেদন করেছি। কিন্তু সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে লাইসেন্স দেওয়ার বিধান না থাকায় আমার আবেদন বন বিভাগ খারিজ করে দেয়।’