নীতিমালার অভাবে আটকে আছে থ্রিজি
কারিগরি প্রস্তুতি শেষ হলেও নীতিমালা চূড়ান্ত না হওয়ায় থ্রিজি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া থেমে আছে। ফলে সরকারের তিন বছর মেয়াদ পেরিয়ে গেলেও থ্রিজি (মুঠোফোনে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। অথচ ভারতসহ এ অঞ্চলের দেশগুলোতে মুঠোফোনে উন্নততর এ প্রযুক্তি ইতিমধ্যে চালু হয়ে গেছে। জানা গেছে, সরকারি মালিকানাধীন মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকসহ মোট চারটি মুঠোফোন অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেওয়ার চিন্তা করছে সরকার। এর মধ্যে একটি পাবে নতুন অপারেটর। জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, দেশের বর্তমান মুঠোফোন অপারেটরদের মধ্যে যোগ্য কয়েকটি এবং প্রয়োজনে বিদেশি নতুন কোনো যোগ্য অপারেটরকেও লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকারি পরিকল্পনার মধ্যে রয়েছে। যোগ্যতার প্রশ্নে তিনি জানান, অপারেটরদের সার্বিক সেবা প্রদান কার্যক্রমে যারা ভালো করেছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেন এত দিন দেরি হচ্ছে—জানতে চাইলে সচিব সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, নীতিমালাটি এমনভাবে তৈরি করতে হবে, যাতে তা ব্যবসাবান্ধব ও সবার জন্য সমান সুযোগ তৈরি করে। বিটিআরসির কারিগরি প্রস্তুতি: থ্রিজির লাইসেন্স নীতিমালা চূড়ান্ত না হলেও তরঙ্গ বা স্পেকট্রাম ফাঁকা রাখা হয়েছে। এতে ২১০০ থেকে ২৪০০ ব্যান্ডে অন্তত পাঁচ অপারেটর থ্রিজি প্রযুক্তিসহ কাজ শুরু করতে পারবে। ইতিমধ্যে থ্রিজি সেবা দিতে স্পেকট্রাম চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছে সরকারি অপারেটর টেলিটক। আগামী জুনের পর অনলাইনে উন্মুক্ত নিলামের আয়োজন করতে প্রস্তুত বিটিআরসি।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যেই থ্রিজি লাইসেন্সের নীতিমালা প্রাথমিকভাবে উপস্থাপিত হয়েছে। বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ খসড়া চূড়ান্ত করার জন্য কাজ করছেন। আশা করছি, আগামী জুলাইতে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’টেলিটকের প্রস্তুতি: থ্রিজি সম্পর্কে টেলিটকের বোর্ড চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, সবকিছু ঠিক থাকলে টেলিটক এ বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে পারবে। এ জন্য চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ১৭ লাখ ২৮ হাজার গ্রাহক টেলিটকের মাধ্যমে থ্রিজি সেবা পাবেন। কী আছে থ্রিজিতে: মুঠোফোনে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ইন্টারনেটকে করেছে দ্রুতগতিসম্পন্ন। মুঠোফোনে অপর পক্ষের ছবি দেখে কথা বলা যাবে। টিভি দেখার পাশাপাশি ভিডিও কনফারেন্স করা যাবে মুঠোফোনেই। ফলে সবচেয়ে কম সময়ে সহজলভ্য হয়ে উঠবে এম-হেলথ (মুঠোফোনে স্বাস্থ্যসেবা), এম-ব্যাংকিং (মুঠোফোনে আর্থিক লেনদেন), এম-এডুকেশনসহ (মুঠোফোনে শিক্ষাসেবা) বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনভিত্তিক জনগুরুত্বপূর্ণ জরুরি সেবা। আগে টুজির সমাধান: থ্রিজি প্রযুক্তির আগে টুজি বা দ্বিতীয় প্রজন্মের লাইসেন্সের বিষয়টির সুষ্ঠু সমাধান চায় অপারেটররা। মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের সদস্য ও গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক মাহমুদ হোসেইন এ প্রতিবেদককে বলেন, থ্রিজি লাইসেন্স দেওয়ার আগেই অপারেটরদের টুজি লাইসেন্স নবায়নের বিষয়টি চূড়ান্ত হওয়া দরকার। কারণ, লাইসেন্স নবায়নের নীতিমালা দেখেই কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে।