সমন্বিতভাবে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০০৫ সালে একটি নীতিমালা করেছিল সরকার। কিন্তু এই নীতিমালা সম্পর্কে কিছুই জানেন না ঢাকার দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা! অথচ ঢাকা ওয়াসার পর ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ সবচেয়ে বেশি করে দুই সিটি করপোরেশন।
বিষয়টিকে দুঃখজনক বলছেন নগর-পরিকল্পনাবিদেরা। তাঁরা বলছেন, এই নীতিমালা মানলেই জলাবদ্ধতা নিরসনের কাজটি সমন্বিতভাবে হতো।
‘ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাপনা-সম্পর্কিত নীতিমালা’ শিরোনামে ২০০৫ সালের এ নীতিমালাটি করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, ড্রেনেজ ব্যবস্থাপনার নেতৃত্ব ঢাকা ওয়াসার হাতে থাকবে। সিটি করপোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠানের নির্মিত ও নির্মিতব্য সব প্রাথমিক ড্রেন এবং ড্রেনেজকাঠামোর নকশা ওয়াসাকে সরবরাহ করতে হবে। স্টর্ম স্যুয়ার (বৃষ্টির পানি নিষ্কাশনের নালা) নির্মাণের ক্ষেত্রে ঢাকা ওয়াসার ছাড়পত্র নিতে হবে।
জানতে চাইলে ঢাকা ওয়াসার ড্রেনেজ (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) সার্কেলের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সিটি করপোরেশন এখন পর্যন্ত কোনো ড্রেনেরই নকশা ওয়াসাকে দেয়নি। কোথায় কেমন নালা (ড্রেন) তৈরি করছে, সে সম্পর্কেও কিছু জানায় না।
রাজধানীতে বৃষ্টির পানি নিষ্কাশনের মূল নালাগুলো এখনো ওয়াসার হাতেই আছে। ওয়াসার এমন নালা আছে প্রায় ৩৬০ কিলোমিটার। আর দুই সিটি করপোরেশনের সারফেস ড্রেন, সসার ড্রেন, পাইপলাইন, স্টর্ম স্যুয়ারসহ পানিনিষ্কাশনের নালা আছে প্রায় ২ হাজার কিলোমিটার।
সিটি করপোরেশনের নালাগুলো সংস্কার ও নির্মাণের কাজ মাঠপর্যায়ে তদারকি করেন দুই সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ১০ জন নির্বাহী প্রকৌশলী।
৯ ও ১০ আগস্ট এই ১০ জন নির্বাহী প্রকৌশলীর প্রত্যেকের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করেছে প্রথম আলো। তাঁদের প্রত্যেকের কাছে ২০০৫ সালের নীতিমালাটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তাঁরা সবাই নীতিমালাটি সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। তবে ৩ জন প্রকৌশলী বলেছেন, এ ধরনের নীতিমালা ওয়াসার থাকতে পারে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী আলী আহমেদ বলেছেন, ড্রেনেজ ব্যবস্থাপনার নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী ওয়াসার সঙ্গে সমন্বয় করেই কাজ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী মোল্লাহ মোহাম্মাদ নুরুজ্জামান বলেন, এ ধরনের কোনো নীতিমালা নেই। ড্রেনের নকশা ওয়াসাকে দেখাতে হয় না।
ডিএসসিসি অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেছেন, গতানুগতিকভাবে তাঁরা কাজ করেন। ওয়াসার কাছ থেকে অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তাঘাট আমার, ওয়াসার কাছ থেকে অনুমতি নেব কেন?’ ওয়াসাই ড্রেন নির্মাণ বা সংস্কারের জন্য রাস্তা কাটার প্রয়োজন হলে সিটি করপোরেশনের অনুমতি নেয় বলে তিনি জানিয়েছেন।
জানতে চাইলে নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, এর মাধ্যমেই সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট হয়েছে। মাঠপর্যায়ে সিটি করপোরেশনের যাঁরা ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ করেন, তাঁদের এ-সংক্রান্ত সব আইন, নীতিমালা নখদর্পণে থাকা উচিত। নীতিমালাটি সম্পর্কে না জানা খুবই দুঃখজনক।
ওয়াসার সঙ্গে যোগাযোগ না করায় বৃষ্টির পানি নিষ্কাশনব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি করেছেন ওয়াসার দায়িত্বশীল একজন কর্মকর্তা। তিনি বলেন, মিরপুরের শেওড়াপাড়া এলাকার পানির অর্ধেক কল্যাণপুর ‘ঘ’ খালে এবং বাকি অর্ধেক রোকেয়া সরণি হয়ে কল্যাণপুর ‘ঙ’ খালে যাবে—এভাবেই ওই এলাকার ‘ক্যাচমেন্ট এরিয়া’ নির্ধারণ করেছে ঢাকা ওয়াসা। সিটি করপোরেশনের নালাগুলোও সেভাবে করা উচিত ছিল। তা না করে সিটি করপোরেশন সব নালার সংযোগ দিয়েছে রোকেয়া সরণিতে ওয়াসার নালায়। ফলে সেখানে পানির চাপ বাড়ছে ও জলাবদ্ধতা হচ্ছে। এটি করার সময় ওয়াসার সঙ্গে আলোচনা করা হয়নি। আবার মালিবাগ-মৌচাক এলাকার পানি বেগুনবাড়ি খালে পড়ার কথা। কিন্তু সিটি করপোরেশন এই এলাকার পানি ফেলছে সেগুনবাগিচা খালে। ফলে সচিবালয় এলাকায় জলাবদ্ধতা হচ্ছে।
খিলক্ষেত এলাকায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বৃষ্টির পানি নিষ্কাশনের নালা তৈরি করেছে ডিএনসিসি। এটি তৈরির ক্ষেত্রেও ওয়াসার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে স্বীকার করেছেন এটি নির্মাণের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা।
নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ প্রথম আলোকে বলেন, ড্রেনেজ-সংক্রান্ত কারিগরি ও জনবলগত দক্ষতা আছে ওয়াসার। সিটি করপোরেশনের নেই। ড্রেনেজ মহা পরিকল্পনাটিও করেছে ওয়াসা। তাই সিটি করপোরেশন এলাকায় কোনো নালা তৈরি, সংস্কার বা ওয়াসার নালায় সংযোগ দেওয়ার ক্ষেত্রে ওয়াসার সঙ্গে যোগাযোগ করা উচিত।