নীতিমালায় এমসিএফ নামের নতুন পদ্ধতির চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানিগুলোর জন্য দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন নীতিমালায় নতুন ধরনের একটি কর পদ্ধতি অন্তর্ভুক্তির কথা ভাবছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর নাম দেওয়া হচ্ছে ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ (এমসিএফ)।বহুল আলোচিত ‘ইউটিলাইজেশন ফ্যাক্টর’ লাইসেন্স নবায়ন নীতিমালা থেকে বাদ পড়লেও এই এমসিএফ ফি মোটামুটি একই ধরনের হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এমসিএফ ফি লাইসেন্স নবায়নে অন্তর্ভুক্ত হবে কি না, বা হলে কত টাকা হবে, তা চলতি সপ্তাহেই নির্ধারণ হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। আজ রোববার এ নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রাথমিক আলোচনা শুরু হবে।ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত লাইসেন্স ফি চূড়ান্ত করতে হবে। তাই আমরাও সব কাজ দ্রুত শেষ করছি।’ এমসিএফ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এমসিএফ ফি আর ইউটিএফ ফি প্রায় সমার্থক। বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয় আগেই ইউটিএফ ফির সুপারিশ করেছিল। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউটিএফের মতোই গ্রাহক সংখ্যার হারের ভিত্তিতেই মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) হিসাব করা হবে। গ্রামীণফোনের জন্য ১ দশমিক ৪ বা ৫, বাংলালিংকের জন্য ১ দশমিক ১, রবির জন্য শূন্য দশমিক ৯ বা ৯৫ এবং সিটিসেলের জন্য শূন্য দশমিক ২৫ নির্ধারণ করা হতে পারে। এতে সব ধরনের মেগাহার্টজের দাম ১৫০ কোটি টাকা হিসাবে গ্রামীণফোনকে তরঙ্গ ফির পরেও অতিরিক্ত দিতে হবে ২১০ কোটি বা ২২৫ কোটি টাকা। বাংলালিংককে দিতে হবে ১৭৫ কোটি টাকা। রবিকে দিতে হবে ১৩৫ বা ১৪০ কোটি টাকা। আর সিটিসেলকে দিতে হবে অতিরিক্ত ৩৭ দশমিক পাঁচ কোটি টাকা।এদিকে দেশের একমাত্র কোড ডিভিশন মাল্টিপল এক্সেস (সিডিএমএ) প্রযুক্তির সিটিসেলকে নিয়ে এখনো সমস্যা রয়ে গেছে বলে জানা গেছে। ৯ আগস্ট প্রধানমন্ত্রীর বৈঠকের পরে সিটিসেলের ৮০০ মেগাহার্টজের দাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব এখনো শেষ হয়নি। পর্যায়ক্রমে ৮০ কোটি, ১০০ কোটি ও ১৫০ কোটি টাকা দাম শোনা গেছে।