বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা-বহির্ভূত মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালনা বন্ধসহ চার দফা দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। ‘বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন’ গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে।
সমাবেশে অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল আমীন হোসেনের সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা মো. জাকির হোসেন, কাজী মনির, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর আলম, মো. ইউসুফ ও মেহেদী হাসান বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা চার দফা দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা-বহির্ভূত কোর্স বন্ধ না হলে বেকারদের কর্মসংস্থান হবে না। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্থগিত করা নিয়োগ চালু করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, বেসরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন পদ সৃষ্টি করে বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।