
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক ওবায়দুল হক অনড় ছিলেন। দীর্ঘ চার দশকের সাংবাদিকতায় তিনি নীতি-নৈতিকতার প্রতি ছিলেন অবিচল। একজন প্রকৃত মানুষের সব গুণই ছিল তাঁর মধ্যে। এম ওবায়দুল হকের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
শোকসভার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, চট্টগ্রামের সাংবাদিকতা জগতের অন্যতম প্রাণপুরুষ ছিলেন এম ওবায়দুল হক। সাংবাদিকতার প্রায় প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। রাজধানীতে সাংবাদিকতা করলে তিনি আরও বেশি সমাদৃত হতে পারতেন। কিন্তু চট্টগ্রামের প্রতি মমত্ববোধের কারণে তিনি এলাকা ছাড়েননি।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আতাউল হাকিম, প্রয়াত এম ওবায়দুল হকের ছেলে ও একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুখ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, শহীদ উল আলম, মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রউফ, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সাংবাদিক হাউজিং সোসাইটির সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, রিয়াজ হায়দার চৌধুরী, স্থায়ী সদস্য বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, নির্মল চন্দ্র দাশ, জাহিদুল করিম কচি, নূর মোহাম্মদ রফিক প্রমুখ।