নীতির প্রশ্নে আপস করিনি: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি।নীতি-আদর্শ নিয়েই বাকি জীবন পার করতে চান।আজ বুধবার বিকেলে নিজের এলাকা কিশোরগঞ্জের মিঠামইন থানা মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আবদুল হামিদ।রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম মিঠামইন সফরে যান আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকারের প্রায় শেষ পর্যায়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি।আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি।নীতির প্রশ্নে আপস করিনি।আমি যেন সেই নীতি-আদর্শ নিয়ে বাকি জীবন পার করতে পারি।’

রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র বিকাশের মূল কথা হলো পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা।আমাদের দায়িত্ব হবে গণতান্ত্রিক রীতিনীতির চর্চার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করা।দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।’

আবদুল হামিদ বলেন, ‘আমি মূলত একজন রাজনীতিবিদ।অনগ্রসর হাওর এলাকার উন্নয়নে সারা জীবন রাজনীতি করেছি।রাজনীতি করার কারণে জেলার ১৩টি উপজেলায় ঘুরেছি।আপনাদের সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।’ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।আপনারা আমাকে দুই হাত ভরে দিয়েছেন, বিনিময়ে আমি তেমন কিছুই দিতে পারিনি।এ কষ্ট আমাকে সব সময় পীড়া দেয়।’

হাওরের কথা বলতে গিয়ে আবদুল হামিদ বলেন, হাওর এলাকার জনগণ নিরন্তর সংগ্রাম করে, প্রচুর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ঘরবাড়ি রক্ষা করে বেঁচে আছে।কত গ্রাম ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে গেছে, আবার নতুন গ্রাম গড়ে উঠেছে।ভাঙাগড়ার মধ্য দিয়ে নিরন্তর বয়ে চলে হাওর এলাকার জনগণের জীবন।তিনি বলেন, রাষ্ট্রপতি হলেও হাওরের অস্তিত্ব তাঁর রক্তে বহমান।

গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানপত্র পড়েন তমিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাংসদ ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হক।এ ছাড়াও বক্তব্য দেন রাষ্ট্রপতির ছোট বোন আছিয়া আলম, হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফরিদ আহমেদ, কাটখাল ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব প্রমুখ।এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা হামিদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে মিঠামইনে পৌঁছান।বিকল্প পরিবহন না থাকায় হাজী তায়েব উদ্দিন উচ্চবিদ্যালয়-সংলগ্ন হেলিপ্যাড থেকে রিকশাযোগে ডাকবাংলোয় পৌঁছান।সেখানে গার্ড অব অনার গ্রহণ শেষে আবার রিকশায় করে তিনি গণসংবর্ধনাস্থলে যান।এ সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।প্রচণ্ড গরম উপেক্ষা, মিছিল আর বাঁধভাঙা জনতার উপস্থিতিতে ততক্ষণে জনসমুদ্র সংবর্ধনাস্থল।এরপরও গণসংবর্ধনাস্থলের সীমানা ছাড়িয়ে সংলগ্ন সড়কের দুই পাশে কেবলই বেড়েছে জনতার স্রোত।গণসংবর্ধনা শুরু হওয়ার আগে রাষ্ট্রপতি ৩০ কোটি ৫০ লাখ টাকার ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গণসংবর্ধনা শেষে রাষ্ট্রপতি কামালপুরের নিজ বাড়িতে অবস্থান করছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিনি নিকলী জিসি উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।