নীতির ব্যাপারে আপস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে গতকাল ফিরোজ আহমেদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো
খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে গতকাল ফিরোজ আহমেদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো

প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, আইনজীবী ফিরোজ আহমেদ আদর্শ ও নীতিমান মানুষ ছিলেন। মানবাধিকার ও সংবিধান পবিত্র মনে করে তিনি আজীবন কাজ করেছেন।
গতকাল শনিবার খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে ফিরোজ আহমেদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. মো. মোজাহারুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ড. কামাল হোসেন আরও বলেন, মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের মতো মানুষকে স্মরণ করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে। তাঁর জীবনের ওপর রচিত স্মারকগ্রন্থ তরুণদের সুস্থ রাজনীতি করতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ড. মোজাহারুল ইসলাম সম্পর্কে তিনি বলেন, ৩০ বছর কেমব্রিজ ও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ওই শিক্ষক ছিলেন এ দেশের গর্ব।
তরুণদের উদ্দেশে ড. কামাল বলেন, ‘নীতির ব্যাপারে আপস করা যাবে না। নীতি আর সাহসিকতা ধারণ করে আগরতলা ষড়যন্ত্র মামলা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি।’
ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ফাউন্ডেশনের সম্পাদক আয়েশা হান্নান ও সদস্য ব্যারিস্টার তৌফিক আহমেদ মার্কস। অনুষ্ঠানে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।