নিরব ও জিহাদ: শিশুখেকো খাদের পর খাদ
এ দেশে ম্যানহোল খোলা থাকে শিশুদের গিলে খাওয়ার জন্য, কিন্তু ফেসবুক থাকে বন্ধ। শাজাহানপুরে ওয়াসার পাইপে পড়ে মারা যাওয়া জিহাদকে বাঁচাতে, উদ্ধারের চাপ তৈরি করতে এবং পরিশেষে আকুল করা শোক জানাতে পেরেছিল দেশবাসী। কিন্তু শ্যামপুরে নালায় ডুবে মারা যাওয়া নিরবের জন্য সেই সুযোগটা আসেনি। টেলিভিশনে লাইভ চলেনি ততটা, আর ফেসবুকও ছিল বন্ধ। স্বাধীন গণমাধ্যম আর মুক্ত অনলাইন/ফেসবুক থাকলে কী হয়, জিহাদ আর নিরব ট্র্যাজেডির প্রতিক্রিয়া দিয়ে তার পরিমাপ করা যায়। মুক্ত গণমাধ্যম মানে জনমতের চাপে সরকারি প্রতিষ্ঠানগুলোর সচলতা ও জবাবদিহি বাড়ানোরও সুযোগ।
তবে প্রশ্নটা শুধু সেখানেই নয়। জিহাদ ও নিরব দুজনেই খেলা করতে করতে মৃত্যুর খাদে পড়ে গিয়েছিল। এবং আমাদের চারপাশে এরকম খাদের পর খাদ। যত খাদ তত নেই বোজানোর বা ঢাকবার দায়। জিহাদের ঘটনার পরই তো ওয়াসা থেকে শুরু করে নগর কর্তৃপক্ষের টনক নড়া উচিত ছিল। উচিত ছিল আর একটি নালা ও ম্যানহোলও যাতে খোলা না থাকে। যাতে খোলা গহ্বর, বাধাহীন রেলক্রসিং, রেলের পাশে বাজার বা বিদ্যুতের ছোঁড়া তারের মতো মৃত্যুফাঁদ কারও জীবন নিতে না পারে, তার জন্য তৎপর থাকা দরকার ছিল। কিন্তু আমাদের জাতীয় অভ্যাস হলো, গতস্য শোচনা নাস্তি—যা গেছে তা গেছে, অনুশোচনা করে কী লাভ! মানলাম, যা গেছে তা গেছে, কিন্তু আর কেউ যাতে এভাবে না যায়, তার খেয়াল রাখার দায় কি আপনাদের ছিল না?
অনুশোচনা মানবিক গুণ। অনুশোচনা থেকে দায়বোধ জাগতে পারে। তাই অন্তত অনুশোচনা করুন। কিন্তু অপরের ঘাড়ে দায় চাপানোই আমাদের গৌরবময় ঐতিহ্য।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘এটি ওয়াসার নয়, শিল্পপ্রতিষ্ঠানের লাইন। ওয়াসা এভাবে নালা খোলা রাখে না। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য লোক পাঠানো হয়েছে।’ ওয়াসা এভাবে নালা খোলা রাখে না, মানা গেল না। এদিক-ওদিক একটু হাঁটাচলা করলেই অকাতরে খোলা ম্যানহোল অথবা রাস্তার পাশে উন্মুক্ত নালা অথবা নালার ওপরের ফুটপাতের স্ল্যাব না থাকার প্রমাণ মিলবে। শহরময় সড়ক খোঁড়াখুঁড়ির ফসল গর্ত ও কংক্রিটের স্তুপ দেখে মনে হয়, যুদ্ধ হয়ে গেছে, কামানের গোলা তার চিহ্ন রেখে গেছে। এগুলোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছেই। কিন্তু কেউই দায় স্বীকার করবেন না। ফলে প্রতিকারও মিলবে না।
কদমতলী থানার ওসি বলেন, ‘নালাটি শিল্পকারখানা মালিক সমিতির। নালা খোলা রাখার অভিযোগে সমিতির বিরুদ্ধে মামলা করা হবে।’ ঠিক আছে, মামলা হলো। কিন্তু যে নালাটি ওয়াসার পয়োনিষ্কাশনব্যবস্থার সঙ্গে যুক্ত, সেই নালার ওপরে স্ল্যাব না থাকার দায় ওয়াসা এড়াতে পারে না। আর যদি দায় একান্তই কারখানা মালিকেরই হয়, তাঁদের কি কোনো সরকারি কর্তৃপক্ষ সতর্ক করেছিল? কোথাকার কোন নালা মরণফাঁদ হয়ে আছে, তা দেখার সময় ছিল না শ্যামপুরের ওয়ার্ড কমিশনারেরও। অতএব সবার দায় খালাস। যা গেছে তা গেছে এবং চিরতরেই গেছে। গরিব মা কি মাছের মা, যাঁর পুত্রশোক থাকতে নেই?
একজন মন্ত্রীর সঙ্গে আলাপের সুযোগ হয়েছিল গতকাল বুধবার। তাঁর মন্ত্রণালয় অদক্ষতা, অবহেলা ও দুর্নীতির অভিযোগে যথেষ্ট সমালোচিত। মন্ত্রী সাহেব সৎ ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত। তাঁর উদ্যোগ ও ইচ্ছারও ঘাটতি দেখা যায় না। কিন্তু তিনিও তাঁর মন্ত্রণালয়ের সব দায় অস্বীকার করলেন তুখোড় বিতার্কিকের মতো। বিতর্ক প্রতিযোগিতায় দক্ষতা ও চৌকসতাই আসল। যুক্তির মধ্যে মানবিকতা, ন্যায় ও সত্য কতটা আছে, সেটা ধর্তব্য নয়। কিন্তু জনস্বার্থ রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের বিবেক থাকতে হয়, দায়বোধ থাকতে হয়, যতদূর পারা যায় সমস্যা দূর করার মানসিকতা থাকতে হয়। অস্বীকারের সংস্কৃতি কোনো ভালো কথা নয়।
এবং আমরা আমজনতাও সব দোষের ঊর্ধ্বে! আমরা যাবতীয় দুর্ভোগের শিকার এবং জীবনটা বেশি আমাদেরই যায়। কিন্তু আমাদেরও কি হুঁশ ফেরে? ওই নালার আশপাশে যেসব পরিবারের বাস, নালার খোলা মুখে ঢাকনা বা প্রতিবন্ধক তো তাঁরাও দিয়ে রাখতে পারতেন। খুব বেশি তো খরচ হতো না। হয়তো তাঁরা ভেবেছেন, এটা তাঁদের দায়িত্ব নয়। যা করার সরকার করবে, এটা নির্জীব দায়িত্বহীন মানসিকতা। আপনি যদি আপনার ঘরের চাল মেরামত করতে পারেন, নষ্ট বাতি বদলাতে পারেন, পানির লাইন নষ্ট হলে ঠিক করানোর জন্য দৌড়াদৌড়ি করতে পারেন, তাহলে ঘরের সামনে হাঁ করে থাকা মৃত্যুফাঁদটা নিজেরাই বন্ধ করতে পারতেন। সবকিছুর জন্য সরকারের মুখাপেক্ষী থাকা তো আমাদের জাতীয় বৈশিষ্ট্য ছিল না! গ্রামাঞ্চলে এখনো মানুষ এজমালি ভাবে চাঁদা তুলে জরুরি প্রয়োজন মেটায়। এ দেশের অনেক সড়ক-সেতু-বিদ্যালয়-মসজিদ তো জনগণের উদ্যোগেই হয়েছে এবং এখনো হয়। রাজধানী ঢাকার তাড়া-খাওয়া জীবনযাপন কি আমাদের নিস্পৃহ ও পরমুখাপেক্ষী করে তুলল?
রানা প্লাজা ধসে পড়লে আমরা জনতা হাজারে হাজারে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ি, জীবন দিতেও রাজি থাকি। সুন্দরবনের তেল অপসারণে কোনো রাষ্ট্রীয় বাহিনী না নড়লেও বসে থাকেননি স্থানীয় বনজীবীরা। তেল অপসারণের কার্যকর যন্ত্রও উদ্ভাবন করেছেন জনতার নিজস্ব প্রকৌশলীরা। শাহজাহানপুরে ওয়াসার সুড়ঙ্গে পড়ে যাওয়া জিহাদকে উদ্ধারে অসামান্য নিষ্ঠা ও দক্ষতা দেখিয়েছিল ১১ তরুণ। এসবই আমাদের যৌথতার শক্তি, সামাজিক পুঁজি। কিন্তু তারপরে আমরা কী করেছি? আবার আমরা ছত্রভঙ্গ হয়ে ভুলে গিয়েছি। ভুলে গেছি যে এখনো অনেক নালা, অনেক সুড়ঙ্গ, অনেক ম্যানহোল মুখ ব্যাদান করে আমাদের পরিহাস করছে। এ আমাদের মৌসুমি আবেগ। দৈনন্দিন জীবনে আমরা সজাগ ও দায়িত্বশীল কতটা আসলে? শ্যামপুরের পাঁচ বছরের শিশু নিরব, নীরবে আমাদের উদাসীনতাকে দায়ি গেল। বুঝিয়ে গেল, সময় গেলে সাধন হয় না
যত দিন আমরা আমাদের সামাজিক পুঁজির সমবায় ঘটিয়ে জিহাদ ও নিরবদের গিলে ফেলার সুড়ঙ্গমুখে ঢাকনা না লাগাতে পারব, তত দিন বিবিধ রকম মৃত্যুফাঁদের কিনার ঘেঁষে বিচরণ করে যাবে আমাদের শিশুরা। এবং আমরা মৌসুমী শোক ও ক্ষোভ জানিয়ে দায় অস্বীকারের দায়টা ভুলে থাকব। এজন্যই বলা হয়, যেমন জনগণ তেমন শাসক তারা পায়।