নীরব কর্মী ছিলেন শিরিন বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরিন বানু সম্মুখসমরে অংশ নিয়েছিলেন। কিন্তু কখনোই নিজের প্রচার চাননি। অন্য নারী মুক্তিযোদ্ধাদের কথা বলে গেছেন বারবার। আর সমাজ ও নারীর উন্নয়নে যেকোনো আন্দোলনে সব সময়ই ছিলেন সামনের সারির কর্মী। কিন্তু কখনোই পাদপ্রদীপের আলোয় থাকতে চাননি। বরং অন্যকে এগিয়ে দিয়েছেন আলোর দিকে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শিরিন বানুর স্মরণসভায় অংশ নিয়ে বক্তারা এসব কথাই বলেছেন।

আজ রোববার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সামাজিক প্রতিরোধ কমিটি এ স্মরণসভার আয়োজন করে। শুরুতেই শিরিন বানুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর আবৃত্তি ও গান দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে।

স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিরিন বানুর তিন সন্তান জয়া তাসনিম রহমান, তাহসিনুর রহমান ও তন্বী নওশিন। এ ছাড়া উপস্থিত ছিলেন তাঁর স্বামী মাসুদুর রহমান।

মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে জয়া তাসনিম রহমান বলেন, ‘সব কাজই আনন্দ নিয়ে করতেন মা। আমরা তাঁকে এভাবে দেখেই অভ্যস্ত ছিলাম। অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি আনন্দ খুঁজে নিতেন। কোনো সামাজিক আন্দোলনেই তিনি পিছিয়ে থাকতেন না। আমাদের এই প্রজন্ম বরং তাঁর পেছনে ছিলাম।’

শিরিন বানু মনে করতেন, মুক্তিযুদ্ধ এখনো চলছে, তবে ভিন্নভাবে। ছেলে তাহসিনুর রহমান বলেন, বিভিন্ন সময় মায়ের সঙ্গে আলাপচারিতায় এ প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর দুঃখ থাকলেও এ থেকে উত্তরণের আশাও তাঁর ছিল।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, শিরিন বানু ছিলেন সাহসী ও বন্ধুবৎসল। তাঁর মা সেলিনা বানু সার্থক শিরিনকে নিয়ে। আর শিরিন সার্থক তাঁর সন্তানদের নিয়ে।

উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান বলেন, শিরিন শক্ত কথা সুন্দর করে বলতে পারতেন। তিনি শুধু মানুষের কাছে ভালোবাসাই চেয়ে গেছেন।

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, দায়িত্বশীল ছিলেন শিরিন। নির্ভীকভাবে বিভিন্ন আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। তাঁর সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারতেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন শিরিন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এ নিয়ে দুঃখ করতেন তিনি। আর মুক্তিযুদ্ধ করলেও তাতে নিজের ভূমিকা নিয়ে প্রচার করতেন না।

মানবাধিকারকর্মী শিপা হাফিজা বলেন, অমায়িক শিরিন বানু ছিলেন সব আন্দোলনের নীরব কর্মী। লড়াই-সংগ্রামে সব সময়ই সবার পাশে পাওয়া যেত তাঁকে।

এই স্মরণসভায় সামাজিক প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তা ছাড়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রঞ্জন কর্মকার, রওশন জাহান, এ্যারোমা দত্ত প্রমুখ।