নীরব কি নীরবেই হারিয়ে যাবে?

শিশুটির নাম নীরব। হাসি-কান্না আর আধো আধো উচ্চারণে সে সব সময়ই সরব। কিন্তু দুই বছরের শিশুটি কি নীরবেই হারিয়ে যাবে? জন্মের পর থেকেই নীরবের খাদ্যনালিতে সমস্যা, ঠিকমতো পায়খানা হয় না। শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে তার। চিকিৎসকেরা জানিয়েছেন, তার খাদ্যনালিতে অস্ত্রোপচার করতে হবে, না হলে শারীরিক সমস্যা আরও প্রকট হবে। কিন্তু গত এক বছরেও অস্ত্রোপচারের জন্য তার পরিবার ৫০ হাজার টাকা জোগাড় করতে পারেনি।
ফারুক হোসেন ও নিলুফার ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান নীরব হোসেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণস্বারা গ্রামে। নীরবের মা নিলুফার বড় হয়েছেন নানা রবিউল ইসলামের কাছে। নানার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে। চিকিৎসার জন্য নীরব ও তাঁর মা বেশির ভাগ সময় কমলাপুরে থাকেন।
ঝিনাইদহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ (অব.) দুলাল কুমার চক্রবর্তী বলেন, তিনি শিশু নীরবের চিকিৎসা করেছিলেন। জন্ম থেকেই তার খাদ্যনালির সমস্যা। খাদ্যনালির নিচের অংশ অন্য একটি নালির সঙ্গে আটকে আছে। ওই স্থানটি ক্রমেই ফুলে মোটা হয়ে যাচ্ছে। ফলে যেকোনো সময় ওই স্থানটি ফেটে যেতে পারে। এতে শিশুটির মৃত্যুও হতে পারে। এ অবস্থায় খাদ্যনালির ওই স্থানটি কেটে বাদ দিলে শিশুটি ঝুঁকিমুক্ত হবে। তাই দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হলে ওষুধপথ্যসহ প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। আর বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করালে তিন-চার লাখ টাকা খরচ হতে পারে।
মা নিলুফার ইয়াসমিন বলেন, জন্মের পর থেকেই ঠিকমতো পায়খানা হচ্ছিল না নীরবের। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন যে তার খাদ্যনালির সমস্যা আছে, উন্নত চিকিৎসা করাতে হবে। এক বছর আগে নীরবকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, নীরবের খাদ্যনালিতে অস্ত্রোপচার করতে হবে। টাকার জোগাড় না হওয়ায় এখনো তার অস্ত্রোপচার হয়নি।
রবিউল ইসলাম বলেন, নাতি নিলুফার ইয়াসমিনকে বিয়ে দিলেও বছরের বেশির ভাগ সময় তাঁর কাছেই থাকেন। নাতজামাই অটোরিকশাচালক, সংসারে অভাব-অনটন। নীরবের চিকিৎসার খরচ দিতে পারেন না। তার নিজেরও কোনো জমি নেই। পরের খেতে কামলা দেন। গত এক বছরে নীরবের চিকিৎসায় তাদের অন্তত ৬০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু ধারদেনাও করতে হয়েছে।