জামায়াতের ওপর ভর করে সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছে বিএনপি। দলটির প্রার্থীদের দৌড়ঝাঁপ খুব একটা নেই। নীরব ভোটই ভরসা তাদের।
আর বিএনপি ও জামায়াত-অধ্যুষিত জেলার তকমা ঘোচাতে মরিয়া আওয়ামী লীগ মাঠে বেশ তত্পর। তবে তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ৭৯ জন বিদ্রোহী প্রার্থী।
সাতক্ষীরায় ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ১৮ জন আওয়ামী লীগের নেতা-কর্মী খুন হন। সড়ক কেটে, গাছ ফেলে জেলাকে সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখে বিএনপি-জামায়াত। এরপর পুলিশ কঠোর অভিযান শুরু করে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। ২০১৪ সাল থেকে জেলাটি শান্ত আছে।
এ জেলায় ৭৮টি ইউপিতে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আছেন সবগুলো ইউনিয়নেই। এর মধ্যে কলারোয়ার সোনাবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ৭৯। তবে দলের পদ-পদবি আছে এমন প্রার্থী ৫৮ জন। তাঁদের স্থানীয়ভাবে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি ১০টি ইউনিয়নে প্রার্থী দিতে পারেনি। জামায়াতের প্রার্থী আছেন ১৮টি ইউনিয়নে।
২০১১ সালের ইউপি নির্বাচনে জেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান হয়েছিলেন মাত্র ১৪ জন। বাকি প্রায় সবাই ছিলেন বিএনপি-জামায়াতের।
ইউপি নির্বাচন ঘিরে ছোটখাটো ২০টি সংঘাতের ঘটনা ঘটেছে। সবই আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে। বিএনপি সরকারি দল ও প্রশাসনের সঙ্গে মুখোমুখি অবস্থানে না যাওয়ার নীতিতে চলছে।
গতকাল জেলা সদর ও কলারোয়ায় অনেক ভোটারের সঙ্গে কথা বলে ‘ভোট যদি হয়, অমুকে জিতবে’ ধরনের বক্তব্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন ভোটার দাবি করলেন, কিছু ইউপিতে সদস্যদের ভোট ‘যাকে ইচ্ছা তাকে’, চেয়ারম্যান দিতে হবে নৌকায়—এমন চাপ আছে। বিএনপির কয়েকজন প্রার্থীর অভিযোগ, ভোটারদের কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
ঝুঁকিপূর্ণ বা অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র নেই বলে মনে করলেও পুলিশ জেলার ৫৪টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, পরিবেশ স্বাভাবিক আছে। ভোট শান্তিপূর্ণ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই নির্ভয়ে-নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে।
স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, তারা প্রশাসনের সঙ্গে বরং সদ্ভাব রেখে চলার চেষ্টা করেছে। গত ডিসেম্বরে সদর ও কলারোয়া পৌরসভা নির্বাচনেও একই কৌশল নিয়েছিল তারা। এই দুটি পৌরসভাতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুটি পৌরসভায় বিএনপির ভোট খুবই কম। মূলত জামায়াতের ওপর ভর করেই বিএনপির প্রার্থীরা জয়ী হন।
সদর উপজেলার বল্লি ইউনিয়নের বিএনপির প্রার্থী মহিতুল ইসলাম বলেন, ‘ভোটাররা ভোট দিতে পারলেই আমরা খুশি। এরপর যে ফলই হোক মেনে নেব। কিন্তু সরকার দলের প্রার্থীর লোকজন ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখাচ্ছেন। আমিও ১০-১৫ দিন ধরে মাঠে নামতে পারছি না।’
আওয়ামী লীগ বলছে, ২০১৩ সালের পর তাণ্ডবের কারণে মানুষের রোষে পড়ার ভয়ে বিএনপি-জামায়াত মাঠে নামার সাহস পাচ্ছে না। তবে বিদ্রোহী প্রার্থীর কারণে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। কলারোয়া ও আশাশুনিতে সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কলারোয়ার ১১টি ইউপিতে ১৮ জন বিদ্রোহী প্রার্থী। আর আশাশুনির ১১টিতে ১৯ জন বিদ্রোহী প্রার্থী। স্থানীয় লোকজন বলছেন, এই দুই উপজেলায় বেশ কটি ইউপিতে বিদ্রোহীদের অবস্থান ভালো। ভোটের দিন কোনো এক পক্ষ জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হতে পারে।
জানতে চাইলে সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, টুকটাক সমস্যা বাদ দিলে এখন পর্যন্ত পরিবেশ ভালো। তবে সবাই যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। ভোটের পরও পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য এটা দরকার। কারণ, সাতক্ষীরাবাসী অতীতে খুবই নাজুক পরিস্থিতির শিকার হয়েছিল।