নীরব শহর, ফাঁকা রাস্তাঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর পৌনে ১২টা। চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত এলাকা চকবাজারের মোড়। দুমুখো সড়কের দুই পাশই প্রায়ই ফাঁকা। যেন বেমানান লাগছে।
নিত্যযানজটের এই মোড়টি সাধারণত পেরোতে আধা ঘণ্টার ওপরে সময় নষ্ট হয়, সেখানে শুধু দু-একটি ব্যাটারিচালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। আর মাঝেমধ্যে হাতে গোনা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার (প্রায় যাত্রীশূন্য) চলছে। গোলজার মোড়ের একপাশে সারি বেঁধে কয়েকটি অটোরিকশা রয়েছে যাত্রীর অপেক্ষায়।
গতকাল বুধবার ঈদের দুই দিন পর চট্টগ্রাম নগরের ফাঁকা রাস্তাঘাটের এ দৃশ্য দেখা যায়। ঈদের সরকারি ছুটি শেষ। কিন্তু ছুটির আমেজ রয়ে গেছে এই নগরে। এখনো ঈদে বাড়িঘরে যাওয়া লোকজন ফেরেনি।
গতকাল চকবাজার মোড়ে কথা হয় রিকশাচালক আবদুল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের দিনে কিছু ভাড়া পেয়েছি। কিন্তু গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত ভাড়ার আকাল যাচ্ছে। সকাল সাতটা থেকে ১২টা পর্যন্ত ভাড়া পেয়েছি মাত্র একটি। শহরে তো এখনো মানুষজনই আসে নাই। ভাড়া পাব কীভাবে।’ দুপুর সাড়ে ১২টায় নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানেও রাস্তাঘাট প্রায় ফাঁকা। চার রাস্তার মোড়ে যানবাহনের কোনো জটলা নেই। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার পাশাপাশি দু-একটি করে টেম্পোও চলতে দেখা গেল এখানে। সেগুলোতে যাত্রী বলতে ছিলেন দু-চারজন করে।
নগরের স্টেশন রোড, কদমতলী, টাইগারপাস, লালখান বাজার এলাকার রাস্তাঘাটও ছিল ফাঁকা। ট্রাফিক দাঁড়িয়ে আছেন। কিন্তু যানবাহনের সংখ্যা একেবারেই কম। তাই যানবাহন নিয়ন্ত্রণেরও কোনো ঝক্কি নেই । টাইগারপাস মোড়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশ জানালেন, ঈদের পর রাস্তায় গাড়ি কম থাকায় তাঁদের টেনশন কম।
বেলা সোয়া একটায় আগ্রাবাদ বাদামতলীর মোড়ে গিয়ে দেখা যায়, সেখানেও যানবাহনের কোনো জটলা নেই। নেই রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষার সারি। ১০ নম্বর রুটের বাসচালক আলাউদ্দিন বললেন, ‘যাত্রী নেই। অফিস-আদালতের কয়েকজন যাত্রী পাচ্ছি মাত্র। সাধারণ যাত্রী তেমন নেই। আগামী শনিবার পর্যন্ত একই অবস্থা চলবে।’