নীরব-সরব পরিবেশ
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার শিশু উদ্যানের মোড় থেকে সব প্রার্থীর প্রচারণা শুরু হয়। গত সোমবার বেলা তিনটায় কেন্দ্রস্থলের ওই মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করে দেখা গেছে, ভোটাররা নীরবেই প্রার্থীদের প্রচারণা শুনছেন। কিন্তু পক্ষে-বিপক্ষে কোনো তৎপরতা নেই।
জকিগঞ্জ সিলেটের সীমান্তবর্তী পৌর শহর। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন, নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সরব প্রচারণা শুরুর পর এ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে নীরবতা থেকে ভোটের দিন বড় কোনো অঘটন ঘটে কি না, এ নিয়ে শঙ্কা আছে ভোটারদের। পৌর এলাকার পীরের চকের বাসিন্দা আলাউর রহমান বলেন, প্রার্থীরা সহনশীল, এ কারণে ভোটাররাও নীরব। এ অবস্থা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে।
সোমবার দুপুরে পৌর কার্যালয়ে কথা হয় বর্তমান মেয়র ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মেয়র প্রার্থী আবদুল মালেক ফারুকের সঙ্গে। তিনি বলেন, দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি ক্রমে নীরব হচ্ছে। এখন পর্যন্ত প্রার্থীদের মধ্য থেকে কোনো ধরনের অভিযোগ না এলেও কয়েকটি বিশেষ এলাকায়, বিশেষ করে মেয়র প্রার্থীরা প্রচারণা চালাতে নীরবে বাধার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন এদিকে নজর দিলে ভালো হয়। জকিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ থাকায় গতকাল মঙ্গলবার থেকে নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর হয়েছেন।
‘পরিবর্তন’ বনাম ‘উন্নয়ন’: জকিগঞ্জে নীরবতা থাকলেও সরব গোলাপগঞ্জ পৌরসভা। দুই ধরনের আওয়াজ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। একপক্ষ টানা দুবারের নির্বাচিত মেয়র জাকারিয়া আহমদ ওরফে পাপলু পরিবর্তন চাইছেন। অন্যদিকে, জাকারিয়ার অনুসারীরা ‘উন্নয়ন অব্যাহত’ রাখার স্বার্থে মেয়রকে পুনর্নির্বাচিত করার অনুরোধ চেয়ে ভোট চাইছেন। গতকাল মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার ১৪ বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁদের অনেকেই পৌর নির্বাচন ঘিরে দুই ধরনের ‘আওয়াজ’-এর বিষয়টি অভিন্নভাবে জানিয়েছেন।
ঘোগারকুল এলাকার দরজির দোকানি হক আহমদ চৌধুরী (৬৮) বলেন, দলীয় প্রার্থী থাকলেও গোলাপগঞ্জে মূলত নির্বাচন হবে গোষ্ঠীকেন্দ্রিক। প্রতীক খুব একটা বড় বিষয় (ফ্যাক্টর) হবে না, এখানে প্রার্থীর ব্যক্তিগত ইমেজই (ভাবমূর্তি) জয়ের ব্যাপারে বড় ভূমিকা রাখবে। সিএনজি অটোরিকশার চালক লুকাস মিয়া (৩৫) বলেন, ‘কোনো উন্নয়ন হয়নি, ই-বার ভোটে সেই জবাব দেব।’
৫ নম্বর ওয়ার্ডের টিকরবাড়ি এলাকার মোবাশ্বির আলী (৪০) বলেন, এ শ্রেণির (গ্রেড) পৌরসভা হলেও সি গ্রেডের উন্নয়নও হচ্ছে না। ব্যালটে ভোটাররা সে জবাব দেবেন। চৌমুহনী এলাকায় কথা হয় প্রসাধনসামগ্রীর ভ্রাম্যমাণ বিক্রেতা রহিম মিয়ার সঙ্গে। তিনি বলেন, উন্নয়ন অব্যাহত যিনি রাখতে পারবেন, তাঁকেই ভোট দেবেন।
বর্তমান মেয়র জাকারিয়া আহমদ বলেন, ‘এ পর্যন্ত দুবার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দুইবারই জনগণ আমার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে আমি পৌরসভায় অনেক উন্নয়নকাজ করেছি। সেসব আব্যাহত রাখার স্বার্থে জনগণ অবশ্যই আমাকে নির্বাচিত করবেন।’ তাঁর দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বলেন, বর্তমান মেয়রের আচার-আচরণে মানুষ ক্ষুব্ধ। আসছে নির্বাচনে মানুষ ব্যালটে সে জবাব দেবেন।
বুঝেশুনে ভোট: কানাইঘাট পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানিয়েছেন ঢালাইরচর গ্রামের কাঠমিস্ত্রি দুলাল সূত্রধর (৪৬)। তাঁর মতো পৌরসভার অন্তত ২০ জন ভোটার প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। কোন প্রার্থীকে তাঁদের পছন্দ, সেটি সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে ঠিকই একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। মহেষপুর গ্রামের পাথর ব্যবসায়ী রুমান সিদ্দিকী (৩৫) বলেন, ‘পৌরসভায় গত সময়ে কোনো উন্নয়ন হয়নি। পুরো শহরের রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তার কারণে শান্তিমতো কোথাও যাওয়া-আসা করা যায় না। এ বিষয়টি মাথায় রেখে ভোট দেব।’ ডালাইরচর এলাকার ব্যবসায়ী নুরুল হোসেন (৫৩) বলেন, উন্নয়নবঞ্চিত ভোটাররা উন্নয়নবান্ধব যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।
তবে পৌর শহর উন্নয়নবঞ্চিত রয়েছে—এটি মানতে নারাজ বর্তমান মেয়র লুৎফুর রহমান।