নীরবে প্রচারণা পাঁচ প্রার্থীর
মেয়র পদের প্রধান দুই প্রার্থীর মতো তাঁদের পক্ষে প্রচার ও গণসংযোগে নামেননি রাজনীতিবিদেরা। নগরজুড়ে তাঁদের পোস্টার-প্রচারপত্র নেই, নেই মাইকযোগে প্রচার। সঙ্গে থাকেন না গণমাধ্যমের কর্মী ও টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। অনেকটা নীরবেই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের অন্য পাঁচ প্রার্থী।এই পাঁচ প্রার্থী হলেন জানে আলম, মো. ইব্রাহিম, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সৈয়দ সাজ্জাদ জোহা ও রফিকুল আলম। মেয়র পদে আট প্রার্থীর একজন সরে দাঁড়িয়েছেন। এ পদে প্রধান দুই প্রার্থী হলেন আওয়ামী লীগ সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বিএনপি সমর্থিত মোহাম্মদ মন্জুর আলম।মহিউদ্দিন এবং মন্জুর ছাড়া বাকি পাঁচ প্রার্থীর সবাই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’ কীভাবে আশাবাদী হলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় দুই দলে কোন্দল আছে। এই কোন্দলের সুবিধা তৃতীয় পক্ষ হিসেবে আমি পাব। ১৭ জুন বিজয়ের শুভেচ্ছা দিতে চাই আপনাদের।’ আরেক প্রার্থী জানে আলম বলেন, ‘রাজনীতি করে ২০ শতাংশ লোক। বাকি ৮০ শতাংশ লোকের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি।’গতকাল সোমবার বিকেলে ঘরে বসে ছিলেন দুই মেয়র পদপ্রার্থী মো. ইব্রাহিম ও সৈয়দ সাজ্জাদ জোহা। জানালেন, বৃষ্টির কারণে প্রচার চালাতে পারছেন না তাঁরা।জানা গেছে, এসব প্রার্থীর কাছে ছুটছেন প্রধান দুই প্রার্থীর কর্মীরা। কারণ, এসব প্রার্থীর এজেন্ট ও গাড়ি ব্যবহারের জন্য প্রস্তাব দিচ্ছেন তাঁরা। বিষয়টি স্বীকার করলেও তাঁদের দাবি, সেসব প্রস্তাবে সায় দেননি তাঁরা।সৈয়দ সাজ্জাদ জোহা বলেন, ‘বড় প্রার্থীরা আমার গাড়ি ও এজেন্টদের নিজেদের সমর্থনে ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছেন। তবে আমি সেই প্রস্তাবে সমর্থন দিইনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কর্মী আছে প্রায় ৪০০। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে হলেও এজেন্ট দেওয়ার চেষ্টা করব।’২৬ বছর বয়সী মো. ইব্রাহিম নিজেকে কনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। তিনি জানান, ‘পরিচিতজনদের মধ্যে প্রচার চালাই। বড় প্রার্থীদের মতো সেই প্রচারে হয়তো জৌলুশ নেই।’ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থী মো. রফিকুল আলম একটি বিমা প্রতিষ্ঠানে চাকরি করছেন। কর্মস্থল থেকে ছুটি নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের খোঁজ তো কেউ নেয় না!’