নীরবের চিকিৎসায় এগিয়ে এসেছেন কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নীরব হোসেনের চিকিৎসায় কয়েকজন সহৃদয় ব্যক্তি এগিয়ে এসেছেন। ইতিমধ্যে তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পেয়েছে নীরবের পরিবার। আজ বুধবার নীরবকে অস্ত্রোপচারের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণস্বারা গ্রামের ফারুক হোসেন ও নিলুফার ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান নীরব। দুই বছর বয়সের এই শিশুটির খাদ্যনালির সমস্যা রয়েছে জন্ম থেকেই। চিকিৎসকেরা তার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই দম্পতি প্রয়োজনীয় ৫০ হাজার টাকা জোগাড় করতে পারেননি।

এ নিয়ে ১৬ জুলাই প্রথম আলোয় ‘নীরব কি নীরবেই হারিয়ে যাবে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর সহৃদয় অনেক ব্যক্তি যোগাযোগ করেন। গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার তাঁর কাছে জমা হওয়া ৭৫ হাজার ও তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা নীরবের স্বজনদের হাতে তুলে দেন। এ ছাড়া ইউএনও মানোয়ার হোসেন মোল্লার কাছে ৩০ হাজার টাকা ও এই প্রতিবেদকের কাছে জমা পড়া আরও ১০ হাজার টাকা তাঁদের হাতে দেওয়া হয়।