
শীতের কুয়াশামোড়া নীরব শহর। ভোরের অমলধবল আলো তখনো ফোটেনি। হঠাৎ একটি-দুটি গাড়ি কুয়াশা কেটে পাশ দিয়ে শাঁ করে চলে যায়। গরম কাপড়ে গলা-মাথা মুড়িয়ে দু-চারজন স্বাস্থ্য-সচেতন মানুষকে ত্রস্ত পায়ে হেঁটে যেতে দেখা যায়। এঁদের অনেকের গন্তব্য মৌলভীবাজার শহরের আদালতপাড়া (কোর্ট এলাকা)।
আস্তে আস্তে আদালতপাড়ার টিলায় দালানগুলোর সামনে অনেক নারী-পুরুষের ভিড় জমে ওঠে। প্রায় সবার বয়স ত্রিশের ওপরে। পেশায় তাঁরা সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক-চিকিৎসক। কেউ কেউ চাকরি থেকে অবসরেও চলে গেছেন। সবার উদ্দেশ্য একটাই, ব্যায়ামের মাধ্যমে সুস্থ-সবল থাকা। ওষুধ খাওয়া থেকে নিজেকে মুক্ত রাখা। রোগের প্রতিকারের চেয়ে আগেভাগেই রোগ প্রতিরোধ করা।
সকাল ছয়টা থেকে শুরু হয় আদালতপাড়ায় ব্যায়ামচর্চা। চলে এক ঘণ্টা। এরপর সবাই নিজ নিজ পথে ছড়িয়ে পড়েন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া এই শরীরচর্চা কখনো বন্ধ থাকে না। এই এক ঘণ্টা সময় অনেকটা উৎসবের মতো। সবাই হয়ে ওঠেন এক পরিবারের সদস্য।
গতকাল শুক্রবার এবং গত ৯ ডিসেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা গেল, প্রশিক্ষক নির্দেশ দিচ্ছেন। সবাই তাঁকে অনুসরণ করছেন। নীরব-নিঃশব্দে চলছে শরীর মজবুত রাখার কসরত।
আলোচনায় জানা গেল, এর শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে। তখন মূলত কজন বয়োজ্যেষ্ঠ মানুষ সকালবেলা হাঁটাহাঁটি করে কোর্ট এলাকায় এসে জড়ো হতেন। আইনজীবী অমূল্য কুমার ঘোষ (৫৮) তাঁদের নানা রকম ব্যায়াম দেখিয়ে দিতেন। এতে অনেকেই উপকৃত হয়েছেন। তাঁর বাতলে দেওয়া ব্যায়াম চর্চাকারীর সংখ্যা দিন দিন বাড়ছে।
অমূল্য কুমার ঘোষ তরুণ বয়স থেকেই নিয়মিত ব্যায়াম করেন। ১৯৮৯ সালে ভারতের গুয়াহাটিতে উমাচল যোগাশ্রমে ব্যায়াম শিখতে চলে যান তিনি। তিন মাস প্রশিক্ষণ নেন। ২০০৮ সালে আবারও সেখানে গিয়ে এক মাসের প্রশিক্ষণ নিয়েছেন।
অমূল্য ঘোষ বলেন, ‘ব্যায়ামের জন্য সুবিধাজনক স্থান হওয়ায় শহরের ড্রিম আনলিমিটেড জিমনেসিয়ামে যেতাম (মৌলভীবাজার শহরের বাণিজ্যিক শরীরচর্চা কেন্দ্র)। ২০০২ সালে এখানে পরিচয় হয় ড্রিমের প্রশিক্ষক ফিরোজ জামানের সঙ্গে। ফিরোজ জামান যোগব্যায়াম শিখতে আগ্রহ দেখালেন। তাঁকে যোগব্যায়াম শেখানো হলো।’
অমূল্য কুমার ঘোষ ও ফিরোজ জামানের একই ধরনের নেশা হওয়ায় সম্পর্কের গিঁট মজবুত হয়। নানা কারণে যাঁরা বাণিজ্যিক ব্যায়ামাগারে যেতে পারেন না, তাঁদের কীভাবে শরীরচর্চার আওতায় আনা যায় তা নিয়ে দুজনে সলাপরামর্শ করলেন। শুরুতে তাঁরা শিশুদের জন্য কিছু করার কথা ভাবলেন। কিন্তু স্কুলের শিশুদের পেতে হলে তো স্কুল কর্তৃপক্ষের অনুমতি লাগবে। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পরামর্শে তাঁরা একটি সংগঠন করলেন, যাতে স্কুলগুলোতে যাওয়া সহজ হয়। ২০১১ সালে অমূল্য কুমার ঘোষকে সভাপতি ও ফিরোজ জামানকে সাধারণ সম্পাদক করে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার নিবন্ধনও নেওয়া হলো সমাজসেবা অধিদপ্তর থেকে। তারপর শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়, শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় ও শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো শরীরচর্চা। এতে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সবাই সহযোগিতা করেন। শীতকালে বিদ্যালয়গুলোতে নিয়মিত শরীরচর্চা প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার স্লোগান হলো ‘সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে চাই’।
এসব স্কুলে বছরে একবার অভিভাবকদের নিয়ে পুষ্টিবিষয়ক কর্মশালা করানো হয়। এতে শিশুদের ঘরের খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। বছরে একবার কলেজে করানো হয় ‘ফিটনেস ক্যাম্প’। শিশুদের নিয়মিত শরীরচর্চা ও পুষ্টিকর খাবার চর্চা করানোর জন্য পিটি-নির্দেশিকা নামে একটি ম্যাগাজিনও প্রকাশ করা হয়েছে।
কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আয়ূব আলী পিটি নির্দেশিকাতে লিখেছেন, ‘নতুন নতুন ব্যায়াম আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকদের দারুণভাবে উৎসাহ জুগিয়েছে। আমি নিজেও কয়েকটি ব্যায়াম আমার জীবনে অভ্যাস করে অনেক উপকার পেয়েছি।’
শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা সেন লিখেছেন, ব্যায়াম কার্যক্রম চলার পর থেকে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। তাদের আত্মবিশ্বাসের অনেকটা উন্নতি হয়েছে।
এরপর দুজনের ভাবনার কেন্দ্রে এসে জায়গা নিল সকালবেলার আদালতপাড়ার সেই ১০-১২ জনের শরীরচর্চার প্রয়াসটি। ২০১৩ সালে আটঘাট বেঁধে তাঁরা দুজন নেমে পড়লেন বড়দের শরীরচর্চা করানোর কাজে। আস্তে আস্তে প্রচার বাড়তে থাকে। এত দিন যাঁরা সকালবেলা ঘুম থেকে ওঠে শুধুই হাঁটাহাঁটি করতেন, তাঁরা এসে জড়ো হলেন ‘অমূল্যদার ব্যায়াম প্রশিক্ষণালয়ে’। ব্যায়ামকারীর সংখ্যাটা এখন ২০০ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন নিয়মিত উপস্থিত থাকেন।
আদালতপাড়ায় ব্যাংকার গোলাম মওলা প্রথম আলোকে বললেন, ‘এর মাধ্যমে জীবন যাপনে একটা শৃঙ্খলা ফিরে পেয়েছি।’ সরকারি চাকরিজীবী আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘একটি দুর্ঘটনায় আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ি। এখানে নিয়মিত শরীরচর্চার ফলে আমি মানসিক বল ফিরে পাই।’
শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা মাসুক মিয়া বলেন, ‘আমার প্রতিদিন ৫০০ টাকার ওষুধ লাগত। এখানে নিয়মিত শরীরচর্চা করায় অনেক সুফল পেয়েছি আমি। এখন ওষুধ ২০০ টাকায় নামিয়ে এনেছি।’
শুধু সকালবেলায় আদালতপাড়াতেই এই চর্চা সীমিত নেই। নানা কারণে সকালে যাঁরা ঘুম থেকে উঠতে পারেন না, তাঁদের জন্য রাত নয়টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে পৃথক শরীরচর্চার ব্যবস্থা করা হয়েছে। বড়দের এই ব্যায়ামচর্চার জন্য একটা স্লোগানও আছে, ‘রোগ সারাতে নয়/রোগ প্রতিরোধ করতে চাই’।
অমূল্য কুমার ঘোষ জানালেন, জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুবঝাড় গ্রামে তাঁর বাড়ি। এখন মৌলভীবাজার শহরের শান্তিবাগে থাকেন এবং আইন ব্যবসা করেন। তিনি বলেন, ‘ব্যায়াম দেখিয়ে দিলে যদি মানুষের ভালো লাগে তাতে আমার মনে ফুর্তি হয়। নিজের কাজের উৎসাহ আরও বেড়ে যায়। মানুষ এখানে এসে শান্তি পায়। এটাই আমাদের বড় অর্জন।’ তিনি বলেন, ‘এই ব্যায়ামে বেশি লাভ হয় যাঁদের ডায়াবেটিস, গ্যাসট্রিক, ব্যথার সমস্যা আছে। উপকার হয় হার্টেরও।’
শরীরচর্চার প্রশিক্ষক ফিরোজ জামান (৩৫) জানান, এখানে মূলত খালি হাতে করা যায় এমন ২২টি ব্যায়াম করানো হয়। এর মধ্যে হাতের ব্যায়াম আছে পাঁচটি, ঘাড় ও মাথার ব্যায়াম চারটি, বুক ও পিঠের ব্যায়াম পাঁচটি, কোমর ও মেরুদণ্ডের ব্যায়াম চারটি এবং পায়ের ব্যায়াম চারটি। এই ব্যায়ামগুলোতে হাতের আঙুল থেকে পায়ের আঙুল পর্যন্ত সক্রিয় থাকে।
ফিরোজ জামানের সম্পাদনায় অমূল্য কুমার ঘোষের লেখা সরল যোগাসন নামে একটি বইও ছাপা হয়েছে। এ ছাড়া মুক্ত ব্যায়ামের জন্য একটি ক্যালেন্ডারও তৈরি করা হয়েছে, যাতে এখানে না এলেও ঘরেই ব্যায়াম করা যায়। এমন দুই হাজার ক্যালেন্ডার এখন জেলার ঘরে ঘরে আছে।

ফিরোজ জামানের বাসা মৌলভীবাজার শহরের গির্জাপাড়ায়। তিনি বলেন, ‘কলেজজীবন থেকেই শরীরচর্চার সঙ্গে যুক্ত আছি। এখন এটা পেশাও। অমূল্যদার কাছ থেকে যোগব্যায়ামটা শিখলাম। এখন অন্যদের শেখাই। প্রায় ১৫ বছর ধরে শরীরচর্চার সঙ্গে আছি। দাদা আছেন ২৫ বছর ধরে।’
এই কার্যক্রম চালাতে এঁরা কারও কাছ থেকে টাকা নেন না। শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা থেকেই প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হয়। বিশেষ করে অমূল্য কুমার ঘোষ, কমিটির সদস্য শিশুচিকিৎসক এ কে জিল্লুল হক প্রয়োজনীয় টাকাটা দিয়ে থাকেন।
অমূল্য কুমার ঘোষ বলেন, ‘আমাদের লক্ষ্য মানুষকে নীরোগ রাখা। কোনো ধরনের অসুখ যেন কাউকে বিছানায় ফেলে না দেয়। আমরা শুরু করেছি। এখন শহরের হাজারের বেশি মানুষ ছড়িয়ে-ছিটিয়ে ব্যায়ামচর্চা করছেন।’ তিনি বলেন, আর্থিক সহযোগিতা পেলে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার কার্যক্রম অন্যান্য বিদ্যালয়েও ছড়িয়ে দেওয়া যাবে। এতে শিশুরা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে পারবে। দেশ একটা সুস্থ-সুন্দর প্রজন্ম পাবে।