ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন
নীল দলের একটি প্যানেল বাতিল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমঝোতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার-সমর্থক হিসেবে পরিচিত নীল দলের দুই প্যানেলের একটি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে আইনি পদক্ষেপের ঘোষণা দিলেও পরে পিছুটান দেন প্রার্থিতা বাতিল হওয়া শিক্ষকেরা। ফলে আগামী ২২ মের নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দলের বিরুদ্ধে নীল দলের একটি প্যানেলই প্রতিদ্বন্দ্বিতা করবে।
শিক্ষকদের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাতিল প্যানেলের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকের পর শিক্ষকেরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাদের নিয়ে বৈঠক করেছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমাদের জন্য একটা সুখবর।’
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত ৬৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীনের প্যানেলের ৩৪ জন ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের ৩৫ জনের নাম রয়েছে। চূড়ান্ত তালিকায় নীল দলের অন্য একটি প্যানেলের (যার নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল) কারও নাম নেই।
জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দীন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নীল দলের আহ্বায়কের প্যানেলের শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁদের কেউই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি। তাঁদের নীল কাগজ ছাড়া অন্য কোনো রঙের কাগজ ব্যবহার করতে বলা হয়েছিল, সেটাও তাঁরা করেননি।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সমঝোতা না হওয়ায় একটি প্যানেলের প্রত্যেকের প্রার্থিতা বাতিলের মাধ্যমে তাঁদের নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। তাঁদের মতে, নীল দলের আহ্বায়ক কমিটির মেয়াদ নিয়ে এই বিভক্তির সূত্রপাত হলেও এর পেছনে আসন্ন উপাচার্য নির্বাচন একটি বড় ভূমিকা রেখেছে।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ আগামী আগস্টে শেষ হচ্ছে। নতুন করে গঠিত হতে যাওয়া এই সিনেট সদস্যদের ভোটেই নতুন উপাচার্য নির্বাচন হওয়ার কথা। তাই ১০৫ সদস্যবিশিষ্ট সিনেটের মধ্যে এই ৩৫ জন শিক্ষক প্রতিনিধি পরবর্তী উপাচার্য পদপ্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
গতকাল নিজেদের প্রার্থিতা বাতিলের খবর পাওয়ার পর নীল দলের এই অংশের নেতারা প্রথমে আইনি পদক্ষেপ ও বিভিন্ন ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকদের একটি সূত্র জানায়, এর কিছুক্ষণ পরই তাঁদের ডাক পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ও বাতিল প্যানেলের ১৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া প্যানেলের অন্যতম নেতা অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত বেআইনি ও অন্যায়ভাবে রীতি লঙ্ঘন করে উপাচার্য আমাদের ৩৫ জনের প্রার্থিতা বাতিল করেছেন। এটি অনৈতিক এবং অত্যন্ত নিন্দনীয় একটি কাজ হয়েছে...এটি আমাদের আইনগতভাবে মোকাবিলা করার সুযোগ ছিল। কিন্তু আমাদের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলের স্বার্থে আমরা সে পথে অগ্রসর হচ্ছি না।’