নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন পুড়েছে ২০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে গতকাল বৃহস্পতিবার রাতে আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে নীলক্ষেত সিটি করপোরেশন-২ নামের বইয়ের মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী ও অন্য এলাকা থেকে আরও তিনটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের বই ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, মার্কেটে আল আমিন নামের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি, মার্কেটের অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাঁরা জানাতে পারেননি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অভিযান) মেজর মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে বই ও ফটোকপিয়ারের দোকান রয়েছে।