নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে ভাঙচুর
রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেতসংলগ্ন গাউসুল আজম মার্কেটের কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দোকানমালিকদের অভিযোগ, গতকাল রোববার দুপুরে নীলক্ষেত উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র ওই ভাঙচুর করে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি জানান, সম্ভবত মেয়েলি বিষয় নিয়ে নীলক্ষেত উচ্চবিদ্যালয়ের দুই পক্ষের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। গাউসুল আজম মার্কেটের কিছু লোক এর সঙ্গে জড়িয়ে পড়লে ছাত্ররা এসে দোকানে ভাঙচুর চালায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।দোকানমালিকেরা জানান, ছাত্ররা দোকান থেকে প্রায় ৫০টি মুঠোফোনের সেট এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া কয়েকটি ফটোকপি যন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।অপর একটি মুঠোফোন দোকানের মালিক কামরুল হাসান জানান, ছাত্ররা প্রায়ই ইসলামিয়া মার্কেটের সামনে এসে মারামারি করে। নিজেদের মধ্যে যেকোনো সমস্যা হলে বিদ্যালয় ছুটির পর মার্কেটের সামনে এসে গন্ডগোল করে।