
ঢাকার চারপাশ থেকে ক্রমাগত হারিয়ে যাচ্ছে জলাভূমি ও গাছপালা। জলাভূমি দখলের কারণে ঢাকার চারপাশের এলাকাগুলো পাখিদের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
উত্তরার ১৪ নম্বরের একটি সেতু পার হয়ে আধা কিলোমিটার এগিয়ে বাঁ দিকের সড়ক বরাবর আধা কিলোমিটার গেলে কিছু জলাভূমি আছে। এসব জলাভূমি এলাকায় কয়েক মাস ধরে অবাক করার মতো কিছু দেশি ও পরিযায়ী পাখি দেখা গেছে। এসব পাখির মধ্যে রয়েছে পতি চাগা, পাতি বাটান, ছোট নথজিরিয়া, ছোট পানকৌড়ি, খুদে বক, হলদে বগলা, সুন্দরী প্রিনা, নিরল প্রিনা ইত্যাদি। এই এলাকায় নিয়মিত পাখি পর্যবেক্ষণ করেন কয়েকজন স্থানীয় পাখি পর্যবেক্ষক ও গবেষক। তাঁদের কাছ থেকে সম্প্রতি খবর পাওয়া গেল, এ বছর সেখানে নীলগলা ফিদ্দা, লাল মুনিয়া পাখি দেখা গেছে।
গত শীতের এক সকালে সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা পাখি পর্যবেক্ষণ করে একটি নীলগলা ফিদ্দা পাখির দেখা পাই। শুকিয়ে যাওয়া একটি জলাভূমির কাছে ভূমিতে বসে পাখিটি লেজ দোলাচ্ছিল এবং কিছুটা সময় বিরতি দিয়ে পোকা ধরছিল। পাখিটি খুব লাজুক স্বভাবের মনে হলো। মানুষের টের পেলে সে কাশবনের আড়ালে লুকিয়ে পড়ে। আমরা পাখিটিকে কোনো রকম বিরক্ত না করে কিছু ছবি তুললাম। পাখিটির সামনের দিকের নীল পালকে রোদ পড়লে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তবে পাখিটি চঞ্চল প্রকৃতির হওয়ায় গলার নীল অংশসহ ছবি তোলা সহজ নয়।
নীলগলা ফিদ্দা সাদা ভ্রু রেখা ও বাদামি চোখের পোকা শিকারি পাখি। পুরুষ পাখির পিঠের দিকে বাদামি, দেহের নিচের দিক পীতাভ সাদাটে, দীর্ঘ ভ্রু রেখা সাদা। চোখের বলয় সাদা, লেজ কমলাটে বাদামি, আগার দিকের পালক কালো। গলায় নীল ফিতা ও বুকের কালো পট্টিকে ঘিরে লালচে ফিতা থাকে। পেট সাদাটে। স্ত্রী পাখির দেহ সাদা ও বাদামি ডোরা আছে। কিন্তু গলায় নীল ফিতা থাকে না। উভয় পাখির চোখ বাদামি, ঠোঁট কালো, পা ও পায়ের পাতা কালচে বাদামি।
নীলগলা ফিদ্দা সাধারণত জলের ধারের তৃণভূমি, ক্ষুদ্র ঝোপ, শীত মৌসুমে উঁচু ঘাসবন, নলতল, পতিত জমি, কচুরিপানার ঝোপে বিচরণ করে। সচরাচর একাকী থাকে। এরা ভূমিতে খাবার খোঁজে। খাবার তালিকায় আছে গুবরে পোকা, শুঁয়াপোকা, পিঁপড়া, কেঁচো ও অন্যান্য পোকামাকড়। পানির ধারের ঝোপে বা নলবনে অন্য পাখিদের সঙ্গে রাত কাটায়। এরা আমাদের দেশে সব সময় বাস করে না। শীতের কয়টা মাস বসবাস করে। পাখিটির ইংরেজি নাম Bluethroat। বৈজ্ঞানিক নাম Luscinia svecica।