জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বান্দরবানের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছেন, ‘চিম্বুক পাহাড়ের নীলগিরিতে রাত যাপন বাসররাতের মতো রোমাঞ্চকর। বাসররাতের স্মৃতির মতো এই স্মৃতি আজীবন মনে থাকবে।’স্পিকার গতকাল সোমবার সেনাবাহিনীর পরিচালিত অবকাশ যাপন কেন্দ্র নীলগিরি থেকে ফিরে বান্দরবান সার্কিট হাউসে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কথা বলেছেন।স্পিকার আবদুল হামিদ গত রোববার দুই দিনের সফরে বান্দরবানে এসেছেন। এসে তিনি নীলগিরিতে যান। সেখানে তিনি রাত যাপন করেন এবং নীলগিরির দুই হাজার ফুট উঁচু পাহাড়ে বসে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করেন। সেখান থেকে ফিরে সার্কিট হাউসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর, সাংসদ ফজলে করিম, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রমুখ।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল ছাড়া সংসদ প্রাণবন্ত হয় না। দেশের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। রাজপথে আন্দোলন করে জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে সংসদে কথা বলাই ভালো বলে স্পিকার মন্তব্য করেন।