নীলডুমুর বাজারের ২০টি স্থাপনা নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের ২০টি স্থাপনা গতকাল শুক্রবার ভোরে খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে গেছে। বাজারের উভয় অংশে আরও ফাটল দেখা দেওয়ায় আরও বেশ কিছু স্থাপনা হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনকবলিত অংশে মাটিভর্তি জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের দ্রুত স্থাপনা সরিয়ে নিতে বলেছেন।নীলডুমুর বাজারের ব্যবসায়ী আকবর হোসেন, জামাল হোসেনসহ আরও কয়েকজন জানান, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আকস্মিকভাবে নীলডুমুর বাজারের মধ্যভাগে নির্মিত ল্যান্ডিং স্টেশনসহ গোটা খেয়াঘাট খোলপেটুয়ায় বিলীন হয়ে যায়। এ সময় ঘাটের দুপাশে গড়ে ওঠা ছোট-বড় ১৫-১৬টি স্থাপনা মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, খেয়াঘাটের নিচের মাটি সরে যাওয়ায় বেশ কিছুদিন ধরে ওই এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।বিজিবি ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনিছুর রহমান জানান, ভাঙন রোধ না করা গেলে আগামী অমাবস্যায় বিজিবি ব্যাটালিয়ন স্থাপনাসহ পাশের পাউবোর রেস্টহাউস ও পুলিশ ফাঁড়ি হুমকির মধ্যে পড়বে। সে ক্ষেত্রে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও ঈশ্বরীপুর ইউনিয়নের ২০টি গ্রাম পানিতে তলিয়ে যেতে পারে।পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, বেশ কিছুদিন আগে খেয়াঘাট এলাকায় ফাটল দেখা দিলেও জেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এ অবস্থা হয়েছে। আপাতত মাটিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে ভাঙনের বিস্তৃতি কমানোর চেষ্টা চলছে।