নীলডুমুরের মামলায় আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ
সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গতকাল রোববার আরও ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে মামলায় ২৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালতে মামলার সাক্ষ্য নেওয়া হয়।মামলার সাক্ষ্য গ্রহণকালে সরকারপক্ষের কৌঁসুলি অধিনায়ক লে. কর্নেল বদরুল আলম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পর নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জন সদস্য বিদ্রোহ করে। তারা ব্যাটালিয়ন সদর দপ্তরের অস্ত্রাগার ভেঙে সেনা কর্মকর্তাদের জীবন বিপন্ন করে তোলে। সেনা কর্মকর্তাদের খোঁজে তারা এলাকায় তল্লাশি চালায়। তাদের কেউ আশ্রয় দিলে বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কৌঁসুলি বিদ্রোহীদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি আখ্যায়িত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশেষ আদালতের বিচারকাজ শুরু হয়। এতে একজন ইউপি সদস্যসহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলার ৪১ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্যদাতারা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, নায়েক জাকির হোসেন, রুহুল আযম ও তৌহিদুজ্জামান, ল্যান্স করপোরাল জালাল হোসেন, হাবিলদার হারুন-অর-রশিদ, সিপাহি নওশাদ আলী, সিপাহি আনোয়ার হোসেন, সিপাহি আলতাফ হোসেন, ল্যান্স নায়েক আবদুল খালেক ও ওবায়দুর রহমান ও সিগন্যাল জিয়াউল হক।সকাল সোয়া আটটায় মামলার ৬০ জন আসামি বিডিআর সদস্যকে জেলা কারাগার থেকে বিশেষ আদালতে নেওয়া হয়। সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়। আদালতে চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান, লে. কর্নেল কাজী মো. খালিদ হোসেন ও মেজর লুত্ফুল করিম। পিপি হিসেবে দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।গত ৭ ও ৮ ডিসেম্বর নীলডুমুর ৪১ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জন বিদ্রোহী বিডিআর সদস্যের প্রথম পর্যায়ে বিচার শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অভিযোগপত্র গঠন ও মামলার বাদীসহ ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০ জানুয়ারি ১৬ জন বিডিআর সদস্য তাদের দোষ স্বীকার করে।রাজশাহীতে হাজিরা: আমাদের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে রাজশাহী সেক্টর ও ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় ৯৩ জন বিডিআর সদস্যকে গতকাল রাজশাহী জেলা জজ আদালতে হাজির করা হয়। জেলা জজ পদে এখন কেউ না থাকায় তৃতীয় অতিরিক্ত জেলা জজ রাশেদা সুলতানা আগামী ২৩ মে মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।