নীলডুমুরের ৬০ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় ১৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলার আসামি ৬০ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১-এ যুক্তিতর্কসহ অন্যান্য কার্যক্রম শেষ হয়। আদালতের সভাপতি আগামী ১৯ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছেন।গতকাল সকাল সাড়ে সাতটায় ৬০ জন আসামিকে আদালতে আনা হয়। পরে সকাল পৌনে নয়টায় আদালত শুরু হলে মামলার সরকারি কৌঁসুলি ও ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বদরুল আলম আলাদাভাবে ৬০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে শাস্তি দাবি করেন। এরপর শুরু হয় যুক্তিতর্ক। সরকারি কৌঁসুলি বলেন, ‘আসামিরা জঘন্যতম অপরাধ করেছে। ৬০ জন আসামির মধ্যে ১৬ জন গত ২০ জানুয়ারি আদালতে তাঁদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। দোষ স্বীকার না করা ৪৪ জন আসামি যুক্তিতর্কে অংশ নিয়ে জানান, নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে কোনো বিদ্রোহের ঘটনা ঘটেনি, বিশৃঙ্খলা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। আদালতে চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান, লে. কর্নেল কাজী মো. খালিদ হোসেন ও মেজর লুত্ফুল করিম। পিপি হিসেবে দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন ও বেলায়েত হোসেন।সিলেটে ২ এপ্রিল বিচার শুরু: সিলেটের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেট সদর সেক্টরে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে, চলবে ৩ এপ্রিল পর্যন্ত।গতকাল মঙ্গলবার বিডিআর সিলেট সেক্টরের অধিনায়কের পক্ষে মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার-প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিলেট সেক্টরের অধীন ৮ রাইফেল ব্যাটালিয়নের (সুনামগঞ্জ) ২০ জন বিদ্রোহী বিডিআর জওয়ানকে আদালতে হাজির করার মধ্য দিয়ে বিচারের কার্যক্রম শুরু হবে।