নীলনকশার নির্বাচন কার্যক্রম বন্ধ করুন: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার চূড়ান্তভাবে হরণ করার নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নীলনকশার নির্বাচনী কার্যক্রম বন্ধের আহ্বান জানান।
গতকাল রোববার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ আহ্বান জানান। তিনি বলেন, নিবন্ধিত প্রায় ৪২টি দলের মধ্যে মহাজোটের অন্তর্ভুক্ত মাত্র পাঁচটি দলের অংশগ্রহণে সাজানো-পাতানোর নির্বাচন আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশনকে সরকারের পোষ্য আখ্যা দিয়ে ফখরুল বলেন, তড়িঘড়ি করে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগেই আওয়ামী ঘরানার কর্মকর্তাদের দিয়ে সাজানো প্রশাসনের সহযোগিতায় ১৫৪
জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে যে নাটক নির্বাচন কমিশন মঞ্চস্থ করেছে, তা নজিরবিহীন এক লজ্জাজনক ঘটনা।
নির্বাচনে এলে বিএনপিকেও একইভাবে আসন বণ্টন করা হতো— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের সূত্র ধরে ফখরুল বলেন, তাঁর এই বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে এসেছে। তাঁর কথায় প্রমাণ হয়, তিনি জনগণকে সব ক্ষমতার উৎস কখনোই মনে করেন না এবং জনগণের ভোটের প্রতিও তাঁর কোনো আস্থা নেই।