নীলফামারী ও গলাচিপায় ঈদের আগে শিক্ষকদের বেতন না পাওয়ার আশঙ্কা
নীলফামারী ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ গতকাল সোমবার পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছায়নি। তাই ঈদের আগে বেতন-ভাতা না পাওয়ার আশঙ্কা করছেন শিক্ষক-কর্মচারীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারা দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা ৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার কথা বলা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, নীলফামারী জেলায় ১৪৮টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৪৪৯টি বেসরকারি উচ্চবিদ্যালয়, ১৫৪টি মাদ্রাসা ও ৩৮টি বেসরকারি কলেজ রয়েছে। এতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা গতকাল পর্যন্ত বেতন-ভাতা পাননি। জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক সারওয়ার মানিক ও শিক্ষক নেতা মোজাহারুল হক ঈদের আগেই বেতন-ভাতার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দাবি জানিয়েছেন। যোগাযোগ করা হলে স্থানীয় সোনালী ব্যাংক থেকে জানানো হয়, বেতন-ভাতা প্রদানের কোনো নির্দেশনা তারা পায়নি।গতকাল পর্যন্ত গলাচিপার শিক্ষক-কর্মচারীরাও তাঁদের বেতন-ভাতা তুলতে পারেননি। উপজেলার মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ৮ সেপ্টেম্বরের মধ্যে হাতে না পেলে ঈদের সময়ের প্রয়োজনটা মিটবে না। তাই অনেকেই চেক বন্ধক রেখে চড়া সুদে টাকা নিতে শুরু করেছেন।যোগাযোগ করা হলে সোনালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন মুঠোফোনে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ ও অর্থের বরাদ্দ পেলে যথাসময়ে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া হবে। সোমবার দুপুর পর্যন্ত এ-সংক্রান্ত নির্দেশনা পাইনি। তবে গত রোববার বিকেলে আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা প্রদানের নির্দেশ পেয়েছি।’