নীলফামারী ও নরসিংদীতে কম্বল পেলেন ২০০ জন
নীলফামারী সদরে গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা ব্যাংকের সহযোগিতায় ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। একই দিন নরসিংদীর রায়পুরায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে আরও ১০০টি কম্বল বিতরণ করা হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকায় সা’দত স্মৃতি সদন কমপ্লেক্সে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এনবয় গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট নরসিংদী বন্ধুসভার মাধ্যমে কম্বলগুলো বিতরণ করে।
দুপুরে নীলফামারী সদরে চওড়াবড়গাছা ইউনিয়নের মমতার বাজারের পাশে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। নীলফামারী বন্ধুসভার সদস্যরা এর আগে বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে দুস্থ-শীতার্ত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করেন।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, মকবুল হোসেন, দ্বিজেন্দ্র নাথ রায়, নীলফামারী বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নূর জামান সরকার, সদস্য জসিম উদ্দিন, চন্দন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদীর রায়পুরায় কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন হাইরমারা ইউপির চেয়ারম্যান মাহফুজুল হক, ইউপি সদস্য আবদুস সালাম, রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার, সা’দত স্মৃতি সদনের পরিচালক আবু মুসা, সমন্বয়কারী তরিকুল ইসলাম, প্রথম আলো ট্রাস্টের প্রোগ্রাম কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, ট্রাস্টের নরসিংদী প্রকল্পের সমন্বয়কারী রাকিবুজ্জামান, বন্ধুসভার বন্ধু ফাহিম সাদেক প্রমুখ।
কম্বল পাওয়া স্থানীয় বীরকান্দি দক্ষিণপাড়া এলাকার মিনারা বেগম (৬৪) বলেন, ‘হুনছি পেপারে খালি খবর কয়, কিন্তু প্রথম আলো যে কম্বলও দেয় এটা জানতাম না। এইবার নিজে পাইয়া বিশ্বাস করলাম।’