নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার জান্নাতুল বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। একই দিন পঞ্চগড়ে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
জান্নাতুল ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগরা মুন্সিপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। সে পশ্চিম বাগডোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
ডোমার থানা-পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই বিদ্যালয় মাঠ-সংলগ্ন সড়ক পার হচ্ছিল জান্নাতুল। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন জান্নাতুলকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে শিক্ষক, অভিভাবকেরাও যোগ দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইজিবাইকটি জব্দ করেন স্থানীয় লোকজন।
এদিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার আফিজ উদ্দিনের ছেলে ট্রাক্টরচালক আসাদুর রহমান (১৮) গতকাল দুপুরে জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে বের হন। পথে মুহুরীজোত এলাকায় ট্রাক্টরটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসাদুর নিহত হন।