নীলফামারী সদর, ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের ওপর দিয়ে শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে গেছে বহু গাছপালা। কয়েক শ হেক্টর বোরো ও পাটখেত নষ্ট হয়ে গেছে। ঝড়ে ঘর ও গাছচাপা পড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ সময় আতঙ্কিত হয়ে একজন মারা গেছেন ।রাত সাড়ে আটটার দিকে শুরু হওয়া ওই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ডোমারের সোনারায় ইউনিয়নের। রোববার সকালে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি গ্রামে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা উপড়ে গেছে। নষ্ট হয়েছে ধান ও পাটখেত। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের ভেলসিপাড়া, শালডাঙ্গাসহ বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তিনি জামিরবাড়ী গ্রামে ঝড়ের সময় আতঙ্কগ্রস্ত রোজ মাহমুদ (৪২) নামে এক ব্যক্তির হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সত্যতা স্বীকার করেছেন।একই সময় ডোমার উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া, চিকনমাটি, চিলাই ও বড় রাউতা গ্রামে ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও ২০০ একর জমির ধান, পাট ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ডোমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির।ঝড়ে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও প্রায় ১০০ বিঘা জমির বোরো, ভুট্টা ও পাট নষ্ট হয়েছে বলে জানান ইউনিয়নের চেয়ারম্যান শ্যামচরণ রায়। একই সময়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা ও কালিকাপুর গ্রামে ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ৬০ হেক্টর জমির ধান, ভুট্টা ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার শ্যামপাড়া ও উত্তর প্রধানপাড়া গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় ঘরচাপা পড়ে এক শিশুসহ ছয়জন আহত হয়েছে। ঝড়ে দুই গ্রামের ৪০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বহু গাছপালা, মৌসুমি ফল ও ফসলের ক্ষতি হয়েছে।