নীলফামারী ও রংপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দী
গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ধান ও সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:রংপুর: গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি গতকাল বৃহস্পতিবার সকালে বিপত্সীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লক্ষ্মীটারি, মর্ণেয়া, গজঘণ্টা ও সদর ইউনিয়নের ৫০টি গ্রামের এক লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নের শংকরদহ, পূর্ব ইছলি, পশ্চিম ইছলি, জয়রাম ওঁঝা, কলাগাছি ও মহীপুর গ্রামে পানি উঠেছে। পানিবন্দী লোকজনকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শংকরদহ গ্রামের বিলকিছ বেগম বলেন, ‘দুই দিন থাকিয়া হামরা পানিবন্দী হয়া আছি। হামার এই কষ্ট দেখিয়া কাও কোনো সাহায্য দেয় নাই।’ বসতঘরে পানি ওঠায় অনেক মানুষ তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুরের আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গঙ্গাচড়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপত্সীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।নীলফামারী: তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখরিবাড়ী, খগাখরিবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ও চরের পাঁচ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এসব পরিবারের অনেকে তাঁদের পরিবার-পরিজন নিয়ে তিস্তা ডান তীর বাঁধে আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে সহস্রাধিক একর রোপা আমন খেত পানিতে তলিয়ে গেছে। পাউবোর ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মাইন উদ্দিন মণ্ডল বলেন, বুধবার রাত আটটায় তিস্তা নদীর পানি বিপত্সীমা অতিক্রম করে । মধ্য রাতে পানি বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এখন পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে। ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।