নীলফামারী ও রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের মাধার মোড়ে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এদিকে রংপুরের তারাগঞ্জে গতকাল বুধবার মিনিবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
মতিউর নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের রামকলা গ্রামের ফয়জল মিয়ার ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিগ্রি কলেজ এলাকার একটি সোয়েটার কারখানায় শ্রমিকের কাজ করতেন মতিউর রহমান। গত মঙ্গলবার কারখানা ছুটির পর মতিউর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মাধার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) রেজানুর রহমান বলেন, স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মতিউরের পরিবার কোনো অভিযোগ না করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানা-পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়ক পারাপারের সময় রংপুরগামী একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।