নীলফামারী ও লালমনিরহাটে তামাকচাষিদের সমাবেশ
বিড়িশিল্প ও তামাকের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারী ও লালমনিরহাটে তামাকচাষিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
তামাক চাষি সমিতি নীলফামারী অঞ্চলের আয়োজনে দুপুর ১২টার দিকে শহরের বড় মাঠে ওই মানববন্ধন ও সমাবেশ হয়। পরে জেলা তামাক চাষি সমিতির সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা তামাক চাষি সমিতির সহসভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম ফকির, সদস্য বিকাশ চন্দ্র রায়, আমজাদ হোসেন, নিতাই চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, এ অঞ্চলে প্রতিবছর ১৪৮ হাজার একর জমিতে তামাকের চাষ হয়। এ অঞ্চলেই প্রায় পাঁচ লাখ কৃষক তামাক চাষের ওপর নির্ভরশীল। তাঁদের উৎপাদিত তামাকের বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এ ছাড়া সারা দেশে বিড়িশিল্পের সঙ্গে দুই লক্ষাধিক শ্রমিক রয়েছেন। প্রতিবছর বাজেটে বিড়িশিল্পের ওপর বৈষম্যমূলক শুল্ক আরোপের কারণে এ শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। বক্তারা ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ঘোষিত বিড়িশিল্পের ওপর বর্ধিত কর প্রত্যাহার ও অবিক্রীত তামাক বিক্রির ব্যবস্থা করার দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল শহরের মানিকের মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে গতকাল দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের রেলক্রসিং এলাকায় তামাকচাষিরা মানববন্ধন করেন। পরে কালীগঞ্জের করিমপুর নেছারিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তামাকচাষিরা বিক্ষোভ সমাবেশ করেন। বক্তব্য দেন কালীগঞ্জের দক্ষিণ ঘনশ্যামের তামাকচাষি মজিবর রহমান, কালীগঞ্জ কেইউপি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও তামাকচাষি এরশাদুল হক, তামাক ব্যবসায়ী ও চাষি আবুল কাশেম, আশিকুর রহমান প্রমুখ।
লালমনিরহাট জেলা তামাক চাষি সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, দ্রুত চাষিদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর রংপুর অঞ্চলের তামাকচাষিদের সংগঠিত করে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাঁদের দাবি মানতে বাধ্য করা হবে।