নীলফামারী-ডোমার-দেবীগঞ্জ সড়কের কাজ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী থেকে ডোমার হয়ে দেবীগঞ্জ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেওয়া ঋণের সময়সীমা বাড়ানো না হলে এ কাজ করা সম্ভব হবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, আরএনআইএমপি-২ নীলফামারী প্রকল্পে ঋণ-সহায়তা দিচ্ছে এডিবি। এডিবির দেওয়া ঋণের সময়সীমা শেষ হবে আগামী বছরের ৩০ জুন। কিন্তু এই স্বল্প সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই ২৩ কিলোমিটার সড়কের কাজ শেষ করতে পারবে না বলে প্রতিষ্ঠানটি ২০১৩ সালের জুন পর্যন্ত ঋণের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে। আগামী মঙ্গলবার এডিবির একটি প্রতিনিধিদলের এই প্রকল্প এলাকা পরিদর্শনের কথা রয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেমের প্রতিনিধি মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রকল্পের আওতায় এডিবির ঋণ-সহায়তায় দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর, ফুলবাড়ী-মধ্যপাড়া ৩১ কিলোমিটার ও নীলফামারী-ডোমার-বোদা পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে ২০০৮ সালের আগস্টে তিন বছর সময় দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। মোট ৮২ কিলোমিটার সড়কের এ কাজ ১৯৭ কোটি টাকায় করার কথা। কিন্তু নীলফামারী-ডোমার সড়কের জায়গা সময়মতো বুঝিয়ে দিতে না পারায় আমরা কাজ শুরু করতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘গত বছরের আগস্টে কাজের সময়সীমা শেষ হওয়ার পর প্রকল্পের সময়সীমা এক বছর বাড়ানো হয়। কিন্তু এডিবির দেওয়া ঋণের সময়সীমা শেষ হচ্ছে আগামী জুন মাসে। আর আমরা ২০১৩ সালের জুন পর্যন্ত ঋণের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছি। কারণ, ছয় মাসের মধ্যে ২৩ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই সময় না বাড়ালে নীলফামারী থেকে ডোমার হয়ে দেবীগঞ্জ পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের কাজ করা সম্ভব হবে না।’প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘তিন বছর আগে কার্যাদেশ দেওয়া হলেও নানা জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা সম্প্রতি জমি হস্তান্তর করতে পেরেছি। তারা শহরের আড়াই কিলোমিটার রাস্তার কাজ শুরু করেছে। কার্যাদেশ দেওয়ার তিন বছরেও জমি হস্তান্তর করতে না পারায় তিন-চার বছর আগের দরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ করতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। এদিকে এডিবির ঋণের সময়সীমা শেষ হতে চলেছে। আমরা আরও এক বছরের জন্য ঋণ-সহায়তার সময় বাড়াতে বলেছি। এডিবি ঋণ-সহায়তার সময় না বাড়ালে ওই ২৩ কিলোমিটার সড়কের কাজ করা সম্ভব হবে না।’