নীলফামারী-ডোমার সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগ
নীলফামারী-ডোমার সড়ক সংস্কারে ধীরগতির কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন এই পথে চলাচলকারীরা। মাঝপথে কাজ আটকে যাওয়ারও আশঙ্কা করছেন অনেকে।সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই ধারে একটি মাত্র খননযন্ত্র দিয়ে নর্দমার মতো কেটে সেখানে বালুমাটি ভরাট করা হচ্ছে। আবার কোথাও কোদাল দিয়ে মাটি কেটে সড়কের দুই ধারে ফেলছেন শ্রমিকেরা।এলাকাবাসী জানান, প্রায় তিন মাস আগে শুরু হলেও কাজ সেভাবে এগোচ্ছে না। এই কয়েক মাসে ঠিকাদার রাস্তার দুই পাশে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার সম্প্রসারণ করেছেন। রাস্তার মূল কাজ এখনো শুরু করতে পারেননি।নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, রাস্তাটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। এর আগেও এডিবির অর্থায়নে এখানে কাজ শুরু হয়েছিল। কিন্তু সময়মতো কাজ না হওয়ায় অর্থায়ন বন্ধ করে দেয় সংস্থাটি। এখন আবারও দরপত্র গ্রহণের পর চার মাস কেটে গেছে। এবারও কাজে তেমন গতি নেই। ঠিকাদার এখানকার কাজ শেষ না করেই ফুলবাড়ী অংশের শুরু করেছেন। এ অবস্থায় ফের সময়মতো শেষ না হলে কাজ বন্ধ হয়ে যেতে পারে। আর এমনটা হলে নীলফামারীর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে।ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্সের সুপারভাইজার জামাল উদ্দিন তালুকদার এ বিষয়ে বলেন, কার্যাদেশ পাওয়ার পরই কাজ শুরু করা হয়েছে। একই প্যাকেজে আরও দুটি কাজ আছে। এর মধ্যে ফুলবাড়ী অংশের কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। সেটা হয়ে গেলেই নীলফামারী অংশে কাজের গতি বাড়ানো হবে। তিনি আরও বলেন, নীলফামারী-ডোমার সড়কের দুই দিকে সম্প্রসারণ কাজ চলছে। এটি শেষ হলে বর্ষায়ও কাজ করা যাবে।নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান বলেন, সড়কটি নির্মাণে ২০১২ সালে পিএমপি প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিংকে পার্বতীপুর-ফুলবাড়ী, নীলফামারী-ডোমার ও ডোমার-দেবীগঞ্জ মোট প্রায় ২৮ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ দেওয়া হয়। ফুলবাড়ী অংশের কাজ শেষ হলে তারা নীলফামারীতে গতি বাড়াবে বলে জানিয়েছে। জুনের মধ্যেই কাজটি শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে।