নীলফামারী-ডোমার সড়ক সংস্কারের নির্দেশ মন্ত্রীর
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার নীলফামারী-ডোমার সড়ক পরিদর্শন করে তা জরুরি ভিত্তিতে সংস্কারের নির্দেশ দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবারই এ সংস্কারকাজ শুরু হতে পারে বলে জানা গেছে। সড়কটি পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্থানীয় সাংসদ সড়কটির করুণ অবস্থা নিয়ে তাঁকে একাধিকবার জানিয়েছেন। এ নিয়ে মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। এরই মধ্যে প্রকল্পটিতে এডিবি অর্থায়ন বন্ধ করে দেয়। কিন্তু মানুষের ভোগান্তি কমাতে বর্ষার আগেই গর্তগুলো ভরাট করে সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হবে। আগামী অক্টোবরে এর উন্নয়নকাজ শুরু হবে।ওবায়দুল কাদের জেলা সদরের হরীতকীতলায় উপস্থিত হলে এলাকাবাসীর দাবির মুখে কর্তৃপক্ষকে মুঠোফোনে শনিবার থেকেই সংস্কারকাজ শুরুর নির্দেশ দেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় তিনি নীলসাগর ট্রেনে নীলফামারী স্টেশনে নেমে সরাসরি সড়কটি পরিদর্শনে যান। সন্ধ্যায় তিনি স্থানীয় সার্কিট হাউসে এক সুধী সমাবেশে মিলিত হন। পরিদর্শনকালে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর, সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, সাংসদ এ এ মারুফ সাকলান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রউফ, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা প্রশাসক আবদুল মজিদ, পুলিশ সুপার আলমগীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা আশা করছি, মন্ত্রীর হস্তক্ষেপে এবার নীলফামারী-ডোমার সাড়ে ২২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ অতি দ্রুত সম্পন্ন হবে এবং চিলাহাটি থেকে আন্তনগর ট্রেন নীলসাগর, বরেন্দ্র, রূপসা, সীমান্তও শিগগির চলাচল শুরু করবে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নয়নকাজের জন্য সড়কটি ২০০৮ সালে আরএনআইএমপি-২ নীলফামারী প্রকল্পের কাছে হস্তান্তর করা হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনিক জটিলতায় ভূমি অধিগ্রহণে বিলম্ব হওয়ায় কাজটি শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে প্রতিষ্ঠানটিকে জায়গা বুঝিয়ে দিলে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব নয় বলে তারা জানিয়ে দেয়। এদিকে, দীর্ঘ এ সময় সড়কটি যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। চরম ভোগান্তির মধ্যেই যাত্রীরা এ সড়কে চলাচল করছে। সওজের নির্বাহী প্রকৌশলী মাহাবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার সড়কটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’