নীলফামারী-ডোমার সড়কের কাজ অক্টোবরে শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, নীলফামারী-ডোমার ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়নকাজ আগামী অক্টোবর মাসে শুরু হবে। ইতিমধ্যে এর দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে।গত সোমবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের রামগঞ্জ গ্রোথ সেন্টার থেকে রামনগর গ্রোথ সেন্টার পর্যন্তু ১৬৫০ মিটার রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সদরের রামগঞ্জ এলাকায় এ সভার আয়োজন করা হয়।সাংসদ আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘আমরা নীলফামারী জেলার বেশ কিছু রাস্তা পাকা করে ফেলেছি। এভাবে পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করতে চাই।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারী সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। নীলফামারী সরকারি কলেজে এ বছর থেকে স্নাতকোত্তর কোর্স চালু হবে। তিনি বলেন, ‘আমরা টিআর কাবিখা কোনো ব্যক্তিকে দিই না। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানকেই দিই। টিআর ও কাবিখা প্রকল্পের জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। কেউ চাইলেও আপনারা দিবেন না। এ জন্য কেউ টাকাপয়সা চাইলে আমাদের জানাবেন।’ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পরেশ চন্দ্র রায়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম প্রামাণিক, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, আলীম উদ্দিন বসুনিয়া, শাহিদ মাহমুদ, আবুজার রহমান প্রমুখ বক্তৃতা করেন।